নজরবন্দি ব্যুরোঃ সমাবর্তন অনুষ্ঠান ঘিরেও অশান্তি-বিক্ষোভ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। সমাবর্তন অনুষ্ঠানে ঢোকায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। সেই বিষয়টি নিয়েই শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ছড়ায়।
আরও পড়ুনঃ রাজ্যে উপস্থিত ইডি ও সিবিআইয়ের শীর্ষ কর্তারা, ধরা পড়বে দুর্নীতির মাথা


কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যোগ দেন কেন্দ্রীয় এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে। রাজনাথ সিংয়ের উপস্থিতিতেই এদিন বিক্ষোভে ফেটে পড়েন প্রাক্তনীরা। শুক্রবার সকালে নির্ধারিত সময়েই শুরু হয় বিশ্বভারতীর সমাবর্তন। এই অনুষ্ঠানে রাজনাথের পাশাপাশি রয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারও।

ভাষণ দিতে গিয়ে রাজনাথ বলেন, ‘‘আমাকে যে এই অনুষ্ঠানে প্রধান অতিথি করে আনা হয়েছে, এর জন্য বিশ্বভারতীকে ধন্যবাদ। সুভাষ সরকার যেমন বললেন, আমি এক সময়ে ফিজিক্সের শিক্ষক ছিলাম। তাই আমি যখনই এই ধরনের কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ভাষণ দিতে যাই, রাজনীতিক হিসাবে যাই না। যাই শিক্ষক হিসাবে।’’



সকালে বিশ্ববিদ্যালয় চত্বর জুড়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে পোস্টার দেখা গিয়েছে। সেই পোস্টারে উপাচার্যের পদত্যাগের দাবি তোলা হয়েছে। তাতে লেখা, ‘ভিসি দূর হটো, বিদ্যুৎ চক্রবর্তী গো ব্যাক’। পোস্টারে সমাবর্তনে ‘রাজনৈতিক অনুষ্ঠান’ বলেও দাবি করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালে উত্তীর্ণ পড়ুয়াদের জন্য শেষ বার প্রকাশ্যে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সে বার এসেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর পর কোভিড অতিমারির কারণে পর পর তিন বছর সমাবর্তন অনুষ্ঠান বন্ধ ছিল।
রাজনাথের সামনেই উপাচার্যের পদত্যাগের দাবি তুলে পোস্টার! সমাবর্তন নিয়ে তোলপাড় বিশ্বভারতী

এদিন বিতর্কের আবহে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী, সঙ্গে ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়–সহ অন্যান্যরা।







