১৫ বছরের বিস্ময় বালক, হায়দরাবাদের বিরুদ্ধে তাণ্ডব চালিয়ে ৩৬ বলে সেঞ্চুরি বৈভব সূর্যবংশীর!

কয়েক ম্যাচের ব্যর্থতার পর হায়দরাবাদের বিরুদ্ধে বিস্ফোরক প্রত্যাবর্তন বৈভবের, প্রথম ওভারেই চার ছক্কা, শেষে ৩৬ বলে সেঞ্চুরি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কয়েক ম্যাচের ব্যর্থতার জবাব দিল ব্যাটেই। মাত্র ১৫ বছর বয়সে ফের নজর কাড়লেন বৈভব সূর্যবংশী—হায়দরাবাদের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি তুলে নিয়ে প্রমাণ করলেন, তিনি কেবল প্রতিভা নন, ধারাবাহিকভাবে ম্যাচ বদলে দেওয়ার ক্ষমতাও রাখেন।

সাম্প্রতিক ম্যাচগুলিতে বড় রান না পাওয়ায় প্রশ্ন উঠছিল তাঁর ফর্ম নিয়ে। সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়ান্ট-এর বিরুদ্ধে পঞ্চাশের গণ্ডি ছুঁতে পারেননি। তবে সেই চাপই যেন তাঁকে আরও আগ্রাসী করে তোলে।

শনিবারের ম্যাচে শুরু থেকেই অন্য মেজাজে দেখা যায় বৈভবকে। টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদ অধিনায়ক প্যাট কামিংস রাজস্থানকে ব্যাট করতে পাঠান। ইনিংসের প্রথম ওভারেই প্রফুল্ল হিঙ্গের বিরুদ্ধে টানা চারটি ছক্কা হাঁকিয়ে ২৫ রান তোলেন এই তরুণ ওপেনার—যা ম্যাচের রঙ বদলে দেয় শুরুতেই।

অন্য প্রান্তে দ্রুত উইকেট পড়লেও নিজের ছন্দ হারাননি বৈভব। যসস্বী যাদব মাত্র ১০ রান করে ফিরলেও চাপ নিজের কাঁধে তুলে নেন তিনি। সানরাইজার্সের বোলারদের বিরুদ্ধে নির্দয় আক্রমণ চালিয়ে যান।

শেষ পর্যন্ত মাত্র ৩৬ বলেই শতরান পূর্ণ করেন বৈভব—যা আইপিএলের ইতিহাসে অন্যতম দ্রুততম সেঞ্চুরির তালিকায় জায়গা করে নেবে বলেই মনে করা হচ্ছে। আগের ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে মাত্র ৮ রান করেও রেকর্ড গড়েছিলেন—সবচেয়ে কম বয়সে ৫০০ রান ছোঁয়ার নজির গড়ে। তবে এদিনের ইনিংস যেন তাঁর প্রকৃত সামর্থ্যের পূর্ণ প্রতিফলন।

বয়সে কিশোর, কিন্তু ব্যাট হাতে পরিণত—এই বৈপরীত্যই এখন তাঁকে আলাদা করে দিচ্ছে। বৈভব সূর্যবংশী এখন কেবল ভবিষ্যতের তারকা নন, বর্তমানের ম্যাচ উইনার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন