১৪ বছরেই বিস্ফোরণ! অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ১৭৫ রানের ঝড় বৈভব সূর্যবংশীর

ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে ৮০ বলে ১৭৫ রান, ৮ চার ও ৮ ছক্কায় বিধ্বংসী ইনিংস বৈভব সূর্যবংশীর। তার দাপটে ২৫ ওভারে ২৫০ পেরোল ভারতের স্কোর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল মঞ্চেই বিস্ময়ের জন্ম দিলেন ভারতের কিশোর ব্যাটার বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সে ইংল্যান্ডের বিরুদ্ধে ঝোড়ো শতরান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন তিনি। তার বিধ্বংসী ইনিংসে চার-ছক্কার বৃষ্টি, আর তাতেই দ্রুত বিশাল স্কোরের পথে এগোল ভারত। ফাইনালের মতো চাপের ম্যাচে এমন দাপুটে ব্যাটিং ক্রিকেট মহলে নতুন তারকার আগমনের ইঙ্গিত বলেই ধরা হচ্ছে।

জ়িম্বাবোয়ের হারারেতে চলা ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। বৈভবের সঙ্গে ইনিংস শুরু করেছিলেন অ্যারন জর্জ। তবে জর্জ আউট হওয়ার পর ইনিংসের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন বৈভব।

মাত্র ৫৫ বলেই শতরান পূর্ণ করেন তিনি। এরপর আরও গতি বাড়িয়ে ৭২ বলে পৌঁছে যান ১৫০ রানে। শেষ পর্যন্ত ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই তরুণ ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ৮টি চার ও ৮টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ২১৮-এরও বেশি। এই প্রতিবেদন লেখার সময় ২৫ ওভারে ভারতের স্কোর ২৫০ পেরিয়ে যায়।

অন্য প্রান্তে বৈভবকে দারুণ সঙ্গ দেন আয়ুষ মাত্রে। তিনি ৫১ বলে ৫৩ রান করে আউট হন। দু’জনের জুটির সামনে ইংল্যান্ডের বোলাররা কার্যত অসহায় দেখায়। অন্তত তিন জন বোলার ওভারে ১০-এর বেশি রান দেন। অ্যালেক্স গ্রিন দু’টি উইকেট নেন। শেষ পর্যন্ত ম্যানি লামসডেনের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন বৈভব।

গোটা টুর্নামেন্ট জুড়েই ভারত ছিল অপরাজিত। তবে ফাইনালের আগে বৈভবের ব্যাট থেকে বড় শতরান আসেনি। বাংলাদেশের বিরুদ্ধে ৭২, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৪০, জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ৫২ এবং আফগানিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে ৬৮ রান করেছিলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে করেছিলেন ৩০ রান।

আইপিএলেও দুরন্ত পারফরম্যান্স করে ইতিমধ্যেই নজর কেড়েছেন বৈভব। রাজস্থান রয়্যালসের জার্সিতে তাঁর আক্রমণাত্মক ব্যাটিং ক্রিকেটবিশ্বে প্রশংসা কুড়িয়েছে। এত কম বয়সে এমন ম্যাচজয়ী ইনিংস তাঁকে ভবিষ্যতের বড় তারকা হিসেবেই তুলে ধরছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত