রুশ তেল ইস্যুতে ভারতকে ‘কঠিন শাস্তি’? ৫০০% শুল্কের বিল আনতে চলেছে ট্রাম্প শিবির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে ভারতকে চাপ বাড়াতে এবার চরম পথে হাঁটতে পারে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এমন একটি বিল আনতে চলেছে, যার ফলে ভারতীয় পণ্যের উপর শুল্ক বাড়তে পারে ৫০০ শতাংশ পর্যন্ত। শুধু ভারত নয়, একই ‘শাস্তি’র আওতায় পড়তে পারে চিন ও ব্রাজিলও। আগামী সপ্তাহেই মার্কিন কংগ্রেসে এই বিল পেশ ও ভোটাভুটির সম্ভাবনা—ওয়াশিংটনের রাজনৈতিক মহলে জোর জল্পনা।

রিপাবলিকান পার্টির প্রভাবশালী নেতা Lindsey Graham জানিয়েছেন, রুশ তেল আমদানি করে যারা মস্কোকে পরোক্ষভাবে যুদ্ধে সহায়তা করছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য সবুজ সংকেত দিয়েছেন Donald Trump। ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর সমাজমাধ্যমে দীর্ঘ পোস্টে লিন্ডসে লেখেন, এই বিল পাশ হলে প্রেসিডেন্টের হাতে ‘কঠোর শাস্তি’ চাপানোর পূর্ণ ক্ষমতা থাকবে।

- Advertisement -

লিন্ডসের বক্তব্য অনুযায়ী, যেসব দেশ ছাড়ে রাশিয়ার তেল কিনে ইউক্রেন যুদ্ধে ভ্লাদিমির পুতিনকে সহায়তা করছে, তারাই এই শুল্কবাণের লক্ষ্য। তাঁর পোস্টে সরাসরি ভারতের পাশাপাশি ব্রাজিল ও চিনের নাম উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, রাশিয়া থেকে অশোধিত তেল কেনার জন্য আগেই ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। ফলে ভারতীয় পণ্যে মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশে। পাশাপাশি, আমেরিকার সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তিতেও রুশ তেল আমদানি বন্ধ করার শর্ত চাপানো হয়েছে নয়াদিল্লির উপর। এর বাইরে রাশিয়ার দুই তেল সংস্থা—রসনেফ্ট ও লুকঅয়েলের উপর নিষেধাজ্ঞাও জারি রেখেছে ট্রাম্প প্রশাসন।

এই আবহে সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “ওরা (ভারত) এখনও রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে। আমরা খুব তাড়াতাড়ি ওদের উপর আরও বেশি শুল্ক চাপাতে পারি।” তাঁর দাবি, শুল্ক বাড়ানোর পরও রুশ তেল কেনা উল্লেখযোগ্যভাবে কমায়নি ভারত।

ট্রাম্প প্রশাসনের এই চাপের মুখেও ভারতের অবস্থান স্পষ্ট। নয়াদিল্লি বারবার জানিয়েছে, দেশের উপভোক্তাদের স্বার্থই তাদের কাছে অগ্রাধিকার। কোন দেশ থেকে কম দামে তেল পাওয়া যাচ্ছে, সেই বাস্তবতাও সিদ্ধান্তে প্রভাব ফেলবে। রুশ-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকা রাশিয়ার তেল বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করলে, বিক্রি বজায় রাখতে বড় ছাড় দেয় মস্কো। সেই সুযোগে ভারত পশ্চিম এশিয়ার উপর নির্ভরতা কমিয়ে রাশিয়া থেকে তেল আমদানি বাড়ায়। বর্তমানে চিনের পর ভারতই রুশ তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা।

- Advertisement -

হোয়াইট হাউসের যুক্তি, তেল বিক্রির অর্থ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া। বিশ্বজুড়ে একাধিক সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করলেও এখনও রুশ-ইউক্রেন যুদ্ধ থামাতে পারেননি ট্রাম্প। তাই পুতিনকে ‘অর্থনৈতিক চাপে’ আলোচনার টেবিলে আনাই এখন তাঁর কৌশল। তবে লক্ষণীয়, এখনও পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে সরাসরি কোনও নতুন শাস্তিমূলক পদক্ষেপ নেয়নি আমেরিকা।

গত ডিসেম্বরে ভারত সফরে এসে Vladimir Putin বলেছিলেন, আমেরিকা নিজেই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া থেকে জ্বালানি কেনে। সেক্ষেত্রে ভারতের সেই অধিকার থাকবে না কেন? এই বিষয়টি নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতেও তিনি প্রস্তুত বলে জানিয়েছিলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর