নজরবন্দি ব্যুরোঃ আর মাত্র কয়েকটা ঘণ্টা। তারপরেই আজ, মঙ্গলবার অর্থাৎ ৮ নভেম্বর চলতি বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে আজ। নাসা জানিয়েছে, এর পর তিন বছর আর কোনও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে না। তাই সংস্থার আবেদন, নিজের এলাকায় দৃশ্যমান হলে এই দৃশ্য কখনওই মিস করবেন না। এর আগে এ বছর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়েছিল গত ১৫ মে। নাসা এও জানিয়েছে পরবর্তী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০২৫-এর ১৪ মার্চ।
আরও পড়ুনঃ নিয়োগ দুনীতিতে যুক্ত মানিক পুত্র, বিস্ফোরক দাবি করলেন তাপস মণ্ডল
দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু সহ কলকাতাবাসীও (Kolkata) চাক্ষুষ করতে পারবেন বছরের শেষ চন্দ্রগ্রহণ। ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর ২টো ৩৯ মিনিটে গ্রহণ শুরু হবে। তবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে দুপুর ৩টে ৪৬ মিনিট থেকে। পূর্ণগ্রাস গ্রহণ শেষ হওয়ার পরও বেশ কিছু ক্ষণ ধরে আংশিক গ্রহণ দেখা যাবে। এছাড়াও ভারতের বাইরে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার কিছু অংশ, এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।

কলকাতার বাসিন্দাদের গ্রহণ দেখার জন্য অপেক্ষা করতে হবে বিকেল ৪টে ৫২ মিনিট পর্যন্ত। তবে কলকাতার মতো পূর্ণগ্রাস গ্রহণ দেখার সুযোগ নেই দিল্লি, মুম্বই কিংবা বেঙ্গালুরুবাসীর। জানা গিয়েছে, পূর্ণগ্রাস গ্রহণের সর্বোচ্চ পর্যায় তৈরি হবে বিকেল ৪টে ২৯ মিনিটে। পূর্ণ গ্রহণ চলবে বিকেল ৫টা ১১ মিনিট পর্যন্ত। এর পর সন্ধ্যা ৬টা ১৯ মিনিট পর্যন্ত দেখা যাবে চাঁদের আংশিক গ্রহণ।
কলকাতা, শিলিগুড়ি, পটনা, রাঁচি, গুয়াহাটি-সহ দেশের পূর্ব অংশ থেকে আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সম্পূর্ণ ভাবে দেখা যাবে। অপরদিকে দিল্লি, মুম্বই কিংবা বেঙ্গালুরুতে আংশিক গ্রহণ দেখা যাবে। দিল্লিতে গ্রহণ দেখা যাবে বিকেল ৫টা ২৮ মিনিট থেকে, যা সবচেয়ে ভাল দেখা যাবে ৫টা ৩১ মিনিট পর্যন্ত। মুম্বইতে চন্দ্রগ্রহণ দেখা যাবে সন্ধে ৬টা ০৪ মিনিটে। বেঙ্গালুরুর ক্ষেত্রে সেই সময় হল বিকেল ৫টা ৪৯ মিনিট। নাগপুর থেকেও বিকেল ৫টা ৩৫ মিনিটে সবচেয়ে ভালো গ্রহণ দেখা যাবে।

মঙ্গলবারের গ্রহণের বিশেষত্ব হল লাল চাঁদ। নাসার তরফে জানানো হয়েছে, পৃথিবীর ছায়া বা ‘আমব্রা’ চাঁদের এই লাল রঙ তৈরি করে। ঠিক যে কারণে সকালে নীল রঙের আকাশ দেখা যায়, সূর্যাস্তের সময় যে কারণে আকাশের একাংশ লালচে দেখায়, সেই কারণেই চাঁদের রঙও কখনও কখনও হয় লাল। নাসা জানিয়েছে, পৃথিবীর আবহাওয়া মণ্ডলে থাকা ধূলিকণায় সূর্যের আলো প্রতিফলিত হয় বলেই চাঁদের ওই রঙ চোখে পড়ে পৃথিবীবাসীর।
বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কি দেখা দেবে কলকাতায়? জানুন মহাজাগতিক ঘটনার স্থান ও সময়

চাঁদ, সূর্য এবং পৃথিবী যখন এক সরলরেখায় আসে, তখনই গ্রহণ ঘটে। তখন পৃথিবীর ছায়ায় ঢেকে যায় চাঁদ, যার ফলে সূর্যের আলো চাঁদের গায়ে প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসার সুযোগ পায় না। তার কারণেই চাঁদকে দেখতে পান না পৃথিবীবাসী। এই ঘটনাকেই বলে চন্দ্রগ্রহণ। মঙ্গলবার এই পূর্ণগ্রাস গ্রহণের সময় চাঁদকে লাল রঙের দেখাবে (blood moon) বলে জানানো হয়েছে নাসার তরফে।









