নজরবন্দি ব্যুরোঃ যতদিন যাচ্ছে ভারতে করোনার গ্রাফ ততই ঊর্ধ্বমুখী হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৪৯৮ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৫৫৩ জন রোগীর। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লক্ষ ৬ হাজার ৭৫২ জন। মৃত্যু হয়েছে ২৩ হাজার ৭২৭ জন রোগীর।
আজ, মঙ্গবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। আর এরই মধ্যে পরের বছর ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ। কিন্তু দেশে করোনা পরিস্থিতির ক্রমেই উদ্বেগজনক! প্রায় রোজই আক্রান্তের সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে। বহু মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তাতেও অবস্থার উন্নতি হচ্ছে না।
সাম্প্রতিক পরিস্থিতিতে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপও হতে পারে দর্শকশূন্য স্টেডিয়ামে। এমনই ইঙ্গিত দিলেন ফেডারেশন সচিব কুশল দাস।চলতি বছরে ২ নভেম্বর থেকে ২১ নভেম্বর অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপের আসর বসার কথা ছিল ভারতে। তা পিছিয়ে ২০২১ সালে ১৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ করা হয়। অপরদিকে গোয়া কিংবা ঝাড়খণ্ডে হতে পারে মহিলা দলের আবাসিক শিবির।
আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হলেই মহিলা দলের সুইডিশ কোচ এ দেশে চলে আসবেন। তারপরই আবাসিক শিবির শুরু হবে। সেক্ষেত্রেও প্রত্যেকের কোভিড টেস্ট বাধ্যতামূলক। তবে সরকারি নির্দেশিকা মেনেই জাতীয় দলের প্রস্তুতি শিবির আয়োজনের ভাবনা ফেডারেশনের।



