12th ফেব্রুয়ারি, 2026 (বৃহস্পতিবার) - 3:48 পূর্বাহ্ন
19 C
Kolkata

শীতের বিদায়ের সুর! পারদ চড়তে শুরু, বসন্তের আভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী দু’তিন দিনের মধ্যে তাপমাত্রা বাড়বে ২-৩ ডিগ্রি, শুষ্ক আবহাওয়া বজায় থাকবে—১৪ ফেব্রুয়ারি থেকে শীতের বিদায় আরও স্পষ্ট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সকালের ঠান্ডা আর দুপুরের উষ্ণতার টানাপোড়েনেই স্পষ্ট ইঙ্গিত—বাংলায় শীতের দিন ফুরোতে বসেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিনের মধ্যেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, আর সেই সঙ্গেই রাজ্যে পা রাখবে বসন্তের আবহ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবার শীতের আমেজ বিদায় নিতে চলেছে বলেই মত আবহবিদদের।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই তাপমাত্রা অন্তত ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। মঙ্গলবারই তার আভাস মিলেছে। গত কয়েক দিনের তুলনায় এদিন তাপমাত্রা কিছুটা বেড়েছে এবং দুপুরের দিকে বেশ গরম অনুভূত হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াসে।

তবে সর্বনিম্ন তাপমাত্রা এখনও স্বাভাবিকের তুলনায় কম। মঙ্গলবার ভোরে তা নেমেছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে প্রায় ২.৫ ডিগ্রি কম। ফলে ভোর ও রাতের দিকে এখনও ঠান্ডার আমেজ টের পাওয়া যাচ্ছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী সাত দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে, যার ফলে দৃশ্যমানতা কিছুটা কমতে পারে।

আবহবিদদের মতে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কমে যাওয়ায় উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক হাওয়া প্রবাহিত হচ্ছে। এর ফলে রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় রয়েছে। আপাতত কোনও নতুন ঝঞ্ঝা বা নিম্নচাপের সম্ভাবনাও নেই।

ফেব্রুয়ারির মাঝামাঝি এসেও সকাল-রাতে ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ছে। রোদের তেজও ধীরে ধীরে বাড়ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১৪ ফেব্রুয়ারি থেকে তাপমাত্রার এই পরিবর্তন আরও স্পষ্ট হবে এবং তখন গরমের অনুভূতি বাড়তে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading