দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী টাটা (Tata Group)-র ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সোমবার, ৩০ নভেম্বরের বোর্ড বৈঠক। টাটা গোষ্ঠীর মূল সংস্থা টাটা সন্স (Tata Sons)-এর সম্ভাব্য IPO বা শেয়ারবাজারে তালিকাভুক্তির পরিকল্পনা, চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের (N Chandrasekaran) পুনর্নিয়োগ এবং একাধিক সংস্থায় নতুন করে মূলধন ঢালার বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। তবে তালিকাভুক্তির প্রশ্নে টাটা ট্রাস্টসের চেয়ারম্যান নোয়েল টাটার (Noel Tata) আপত্তি এবং চলতি আইনি জটিলতা এই বৈঠককে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India বা RBI) নিয়ম মেনে টাটা সন্সকে তালিকাভুক্তির পথে এগোতে হবে কি না, সেই প্রশ্নের পাশাপাশি বিকল্প পুনর্গঠনের প্রস্তাবও আলোচনায় আসতে পারে। বৈঠকের আগে শাপুরজি পালোনজি গোষ্ঠীও টাটা সন্সের কাছে তাদের শেয়ার কেনার প্রস্তাব বিবেচনার আর্জি জানিয়েছে।
IPO-র জন্য ছয় মাসের রূপরেখা নিয়ে আলোচনা
এই বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় টাটা সন্সের IPO। RBI-এর নিয়ন্ত্রক কাঠামো অনুযায়ী, সংস্থাটিকে উচ্চস্তরের নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থা (Upper Layer NBFC) হিসেবে নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। সেই নিয়মের মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্তির বাধ্যবাধকতাও রয়েছে।
সূত্রের খবর, সম্ভাব্য তালিকাভুক্তির জন্য ছয় মাসের একটি রূপরেখা বোর্ডের সামনে রাখা হতে পারে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, শেয়ারহোল্ডারদের অনুমোদনের ৯০ দিনের মধ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)-র কাছে খসড়া প্রসপেক্টাস জমা দেওয়ার লক্ষ্য রয়েছে। তার পরবর্তী ৯০ দিনের মধ্যে তালিকাভুক্তির প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনাও আলোচনায় আসতে পারে।
এ ছাড়া টাটা সন্সকে প্রাইভেট লিমিটেড সংস্থা থেকে পাবলিক লিমিটেড সংস্থায় রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হতে পারে। সে ক্ষেত্রে সংস্থার Articles of Association-এ প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে। তবে বোর্ডের বৈঠকেই IPO চূড়ান্ত হয়ে যাবে, এমন কোনও নিশ্চয়তা নেই। শেয়ারহোল্ডারদের অনুমোদন এবং নিয়ন্ত্রক সংস্থার নিয়ম মেনে পরবর্তী পদক্ষেপ করতে হবে।
নোয়েল টাটার আপত্তি, বিকল্প পুনর্গঠনের প্রস্তাব
টাটা সন্সের তালিকাভুক্তির পরিকল্পনায় বড় বাধা নোয়েল টাটার আপত্তি। টাটা ট্রাস্টসের চেয়ারম্যানের বক্তব্য, IPO-র পথে এগোনোর আগে সংস্থার বিকল্প পুনর্গঠনের সম্ভাবনা খতিয়ে দেখা প্রয়োজন। ২০২৪ সালের মার্চে টাটা সন্সের বোর্ড ঋণ কমানো, জনসাধারণের তহবিলের উপর নির্ভরতা বন্ধ করা এবং RBI-এর কাছে নিবন্ধন বাতিলের আবেদন করার সিদ্ধান্ত নিয়েছিল। সেই অবস্থান পুনর্বিবেচনার পক্ষেও সওয়াল করেছেন নোয়েল।
বিকল্প প্রস্তাব হিসেবে টাটা ইলেকট্রনিক্স সিস্টেমস সলিউশনস (Tata Electronics Systems Solutions) এবং টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্সকে (Tata Consulting Engineers) টাটা সন্সের সঙ্গে একীভূত করার বিষয় সামনে এসেছে। এই পুনর্গঠনের মাধ্যমে সংস্থার নিয়ন্ত্রক অবস্থান বদলানো সম্ভব কি না, তা খতিয়ে দেখার প্রস্তাব রয়েছে। তবে এই পথে এগোতে হলে বোর্ডের অনুমোদনের পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার সম্মতিও প্রয়োজন হবে।
চন্দ্রশেখরনের পুনর্নিয়োগ নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা
টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের আরও পাঁচ বছরের মেয়াদে দায়িত্বে থাকার বিষয়টিও বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য হতে পারে। তাঁর পুনর্নিয়োগের জন্য শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে একটি অসাধারণ সাধারণ সভা বা Extraordinary General Meeting (EGM) ডাকার প্রস্তাব রয়েছে।
কিন্তু এই প্রক্রিয়াতেও জটিলতা রয়েছে। এর আগে প্রয়োজনীয় কোরাম না থাকায় সংস্থার বার্ষিক সাধারণ সভা (AGM) করা সম্ভব হয়নি। টাটা সন্সের Articles of Association অনুযায়ী, নির্দিষ্ট শেয়ারহোল্ডার ট্রাস্টগুলির যৌথভাবে মনোনীত প্রতিনিধির উপস্থিতি গুরুত্বপূর্ণ। ট্রাস্টগুলির অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণের উপর নিয়ন্ত্রক বিধিনিষেধ থাকায় EGM আয়োজন নিয়েও প্রশ্ন উঠেছে।
চন্দ্রশেখরনের পুনর্নিয়োগ সংক্রান্ত বোর্ডের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বম্বে হাই কোর্টে (Bombay High Court) মামলাও চলছে। ২৭ নভেম্বর আদালত ৩০ নভেম্বরের বৈঠক স্থগিত করার আবেদন খারিজ করলেও জানিয়েছে, বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলি মামলার চূড়ান্ত নির্দেশের অধীন থাকবে। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২১ জানুয়ারি, ২০২৭।
শাপুরজি পালোনজি গোষ্ঠীর প্রস্তাবেও নজর
টাটা সন্সের শেয়ারহোল্ডারদের মধ্যে অন্যতম শাপুরজি পালোনজি (Shapoorji Pallonji) গোষ্ঠীর প্রস্তাবও বৈঠকে গুরুত্ব পেতে পারে। টাটা সন্সের প্রায় ১৮.৪ শতাংশ শেয়ার রয়েছে এই গোষ্ঠীর হাতে। ঋণের চাপ কমাতে সংস্থাটি তাদের হাতে থাকা শেয়ারের একাংশ টাটা সন্সকে কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছে।
রয়টার্সের (Reuters) প্রতিবেদন অনুযায়ী, শাপুরজি পালোনসি গোষ্ঠীর চেয়ারম্যান শাপুরজি পি মিস্ত্রি টাটা সন্সের চেয়ারম্যান চন্দ্রশেখরনকে চিঠি দিয়ে বিষয়টি ৩০ নভেম্বরের বোর্ড বৈঠকে বিবেচনার আর্জি জানিয়েছেন। গোষ্ঠীটির লক্ষ্য প্রায় ২৫,০০০ কোটি টাকা সংগ্রহ করে ঋণের বোঝা সামলানো। শেয়ার বাইব্যাক সম্ভব না হলে বিকল্প ক্রেতার কাছে শেয়ার বিক্রির প্রস্তাবও দেওয়া হয়েছে।
এয়ার ইন্ডিয়া-সহ একাধিক সংস্থায় নতুন বিনিয়োগ?
টাটা গোষ্ঠীর কয়েকটি সংস্থায় নতুন করে ইক্যুইটি বিনিয়োগের প্রস্তাবও আলোচনায় আসতে পারে। এয়ার ইন্ডিয়া (Air India), তেজস নেটওয়ার্কস (Tejas Networks) এবং ব্যাটারি নির্মাণ সংস্থা অ্যাগ্রাটাস (Agratas)-এর জন্য নতুন মূলধন বরাদ্দের বিষয়টি বিবেচনা করতে পারে বোর্ড।
এয়ার ইন্ডিয়ার বিমানবহর আধুনিকীকরণ ও ব্যবসার পুনর্গঠনে বিপুল অর্থের প্রয়োজন। অন্যদিকে, তেজস নেটওয়ার্কসের ব্যবসা সম্প্রসারণ এবং অ্যাগ্রাটাসের ব্যাটারি উৎপাদন পরিকাঠামো তৈরির জন্যও বিনিয়োগ প্রয়োজন। তবে কোন সংস্থাকে কত টাকা দেওয়া হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট অঙ্ক এখনও প্রকাশ্যে আসেনি।
RBI-কে আগামী ১১ ডিসেম্বরের মধ্যে নিজেদের অবস্থান জানানোর সময়সীমা রয়েছে টাটা সন্সের সামনে। ফলে ৩০ নভেম্বরের বৈঠকে IPO নিয়ে বোর্ডের অবস্থান, নোয়েল টাটার বিকল্প প্রস্তাব এবং শাপুরজি পালোনজি গোষ্ঠীর শেয়ার সংক্রান্ত দাবির উপর বিশেষ নজর থাকবে। এই বৈঠকেই টাটা সন্সের ভবিষ্যৎ তালিকাভুক্তির পথ কতটা এগোবে, তা অনেকটাই স্পষ্ট হতে



