ভোটের আগে বড় ধাক্কা তৃণমূলের রাজগঞ্জ প্রার্থী Swapna Barman-র সামনে। প্রার্থী ঘোষণা হলেও, তিনি আদৌ ভোটে লড়তে পারবেন কি না তা নিয়ে জট এখনও কাটেনি। শুক্রবার Calcutta High Court-এর জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে তাঁর মামলার শুনানি হলেও, তাতে স্বস্তি মেলেনি।
আদালতে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বপ্না বর্মণের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং তাঁকে সেই তদন্ত কমিটির সামনে হাজিরা দিতেই হবে। ইতিমধ্যেই তাঁর একটি ‘ভুল স্বীকার’ সংক্রান্ত চিঠিও রেল কর্তৃপক্ষের হাতে এসেছে বলে দাবি করা হয়েছে।


তবে শুনানিতে বিচারপতি গৌরাঙ্গ কান্ত রেল দফতরকে নির্দেশ দিয়েছেন, আগামী সোমবারের মধ্যে স্বপ্না বর্মণকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া যাবে কি না, সে বিষয়ে আদালতকে জানাতে হবে। ফলে আপাতত পুরো বিষয়টি আদালতের নজরেই রয়েছে।
এদিন শুনানিতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ডেপুটি সলিসিটর জেনারেল সুদীপ্ত মজুমদার। তবে শুনানি শেষে মন্তব্য করতে চাননি স্বপ্না। তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া—“মামলাটি বিচারাধীন, এখনই কিছু বলা সম্ভব নয়।”
প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি রেলে কর্মরত অবস্থাতেই তৃণমূলে যোগ দেন স্বপ্না। পরে তাঁকে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী করা হয়। কিন্তু চাকরি থেকে ইস্তফা না দিয়েই রাজনৈতিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে ৯ মার্চ তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে রেল।


এরপর ১৬ মার্চ তিনি ইস্তফা জমা দিলেও, চলতি তদন্তের কারণে সেই পদত্যাগপত্র গ্রহণ করেনি রেল কর্তৃপক্ষ। সেই ইস্তফা গ্রহণের দাবিতেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।
এদিকে, আগামী ৬ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ফলে সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে অনিশ্চয়তা—স্বপ্না বর্মণ আদৌ ভোটে লড়তে পারবেন কি না, এখন সেটাই দেখার।









