টি২০ বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছে ভারতীয় ক্রিকেট। আর সেই ঐতিহাসিক জয়ের নায়ক অধিনায়ক সূর্যকুমার যাদবকে ঘিরেই তৈরি হয়েছিল বড় প্রশ্ন—এই ট্রফি জয়ের পর কি আন্তর্জাতিক টি২০ ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি? ফাইনালের আগে থেকেই সেই জল্পনা ঘুরছিল ক্রিকেটমহলে। তবে চ্যাম্পিয়ন হওয়ার পর নিজেই সেই সব জল্পনায় ইতি টানলেন সূর্যকুমার যাদব।
৩৫ পেরোনো সূর্যকুমার যাদব টি২০ বিশ্বকাপ জিতে ভারতের তৃতীয় অধিনায়ক হিসেবে ইতিহাস গড়েছেন। তাঁর আগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা। তাই অনেকেই মনে করছিলেন, বিশ্বকাপ জয়ের এই সেরা মুহূর্তেই হয়তো আন্তর্জাতিক টি২০ ক্রিকেটকে বিদায় জানাতে পারেন তিনি। কিন্তু সেই সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দিলেন ভারত অধিনায়ক।

বিশ্বকাপ জয়ের পর সূর্যকুমার স্পষ্ট জানিয়ে দেন, এখনই অবসরের কোনও পরিকল্পনা নেই তাঁর। বরং সামনে আরও বড় লক্ষ্য নিয়ে এগোতে চান তিনি। বিশেষ করে অলিম্পিকে টি২০ ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়াকে সামনে রেখে তিনি দেশের হয়ে সোনা জয়ের স্বপ্ন দেখছেন।
সূর্যকুমার বলেন, “আমার পরবর্তী লক্ষ্য অলিম্পিক—সেখানে সোনার পদক জেতা। আর সেই বছরই আবার টি২০ বিশ্বকাপও রয়েছে। তাই সেই চ্যালেঞ্জের কথাও ভুলে গেলে চলবে না।” তাঁর এই মন্তব্যেই পরিষ্কার হয়ে যায়, আন্তর্জাতিক ক্রিকেটে আরও কিছুদিন দেখা যাবে তাঁকে।
বিশ্বকাপ জয়ের অনুভূতি নিয়েও আবেগঘন প্রতিক্রিয়া দিয়েছেন ভারত অধিনায়ক। তিনি বলেন, “এই জয়ের অনুভূতি পুরোপুরি বুঝতে একটু সময় লাগবে। আমরা তো এখনই মাঠ থেকে বেরিয়েছি। নিজের দেশে খেলাটা সত্যিই অসাধারণ অভিজ্ঞতা। আগামীকাল যখন ঘুম থেকে উঠে বাড়ি ফিরব, তখন হয়তো এই অনুভূতিটা আরও গভীরভাবে উপলব্ধি করতে পারব।”


গত কয়েক বছরের সাফল্যের কথাও তুলে ধরেন সূর্যকুমার। তাঁর কথায়, “২০২৪ সালের বিশ্বকাপের পর গত দুই বছরে যা ঘটেছে তা সত্যিই অবিশ্বাস্য। ২০২৫ সালে আমরা চ্যাম্পিয়নস ট্রফি জিতেছি ভিন্ন ধরনের ক্রিকেট খেলে। আর ২০২৬ সালে ঘরের মাঠে দর্শকদের সামনে বিশেষ কিছু করতে চেয়েছিলাম।”
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি আরও বলেন, “আমরা চাই এই ধারাবাহিকতা বজায় রাখতে। ২০২৭, ২০২৮, ২০২৯—প্রতিটি বছরেই এমন সাফল্য ধরে রাখতে চাই। আমাদের লক্ষ্য কখনও থেমে না যাওয়া।”








