শীঘ্রই উচ্চ প্রাথমিকে ১৪ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ, পুজোর আগে বড় রায় সুপ্রিম কোর্টের

মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিল, হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করতে চায় না শীর্ষ আদালত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

উৎসবের মরশুমে চাকরিপ্রার্থীদের জন্য সুসংবাদ! উচ্চ প্রাথমিকে ১৪ হাজারেরও বেশি শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে কলকাতা হাই কোর্টের রায়কেই বহাল রাখল সুপ্রিম কোর্ট। অর্থাৎ, উচ্চপ্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে আর কোনও বাধা নেই স্কুল সার্ভিস কমিশনের। মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিল, হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করতে চায় না শীর্ষ আদালত।

সোমবার উচ্চ প্রাথমিকের ২০১৬ সালের মেধা তালিকা প্রকাশের বিজ্ঞপ্তি দেয় স্কুল সার্ভিস কমিশন। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বুধবার অর্থাৎ ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে মেধাতালিকা। দশ শতাংশ আসন সংরক্ষিত করা হবে অস্থায়ী শিক্ষকদের জন্য। বাকি পদে নিয়োগের মেধাতালিকা প্রকাশ করা হবে। এমত পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের এই রায়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

২০১৫ সাল থেকে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে। হাই কোর্টের নির্দেশে বার বার এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছে। ২০২০ সালে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে দিয়েছিল উচ্চ আদালত। তার পর ২০২৩ সালে প্যানেল প্রকাশ করার অনুমতি দিয়েছিল হাই কোর্ট। তখন ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, প্যানেল প্রকাশ করা যেতে পারে, তবে কাউকে নিয়োগের সুপারিশ করতে পারবে না এসএসসি। এর পরে মামলাটি যায় নতুন ডিভিশন বেঞ্চে। গত ১৮ জুলাই বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত শুনানি শেষ হয়। ২৮ অগস্ট রায় ঘোষণা করা হয়।

উল্লেখ্য, কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ গত ২৮ অগস্ট এসএসসিকে জানিয়েছিল, এক মাসের মধ্যে ১৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের জন্য নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে হবে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তখন জানিয়েছিলেন, পুজোর আগেই নিয়োগ শুরু করার চেষ্টা করা হচ্ছে। সোমবার মেধাতালিকা প্রকাশের বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। সেই আবহে সোমবার সকালে সল্টলেকের আচার্য ভবন ঘেরাও করেন চাকরিপ্রার্থীরা। যদিও প্রার্থীরা অনড়। তাঁদের দাবি, নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে দ্রুত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন