নজরবন্দি ব্যুরো: গুজরাতের সেতু ভাঙার ঘটনাতেও ঘুরিয়ে এ রাজ্যের সরকারকে আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ‘পশ্চিমবঙ্গে সেতু ভেঙে গেলে কেন তদন্ত হয় না’ তা নিয়ে তিনি প্রশ্ন তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। পূর্ব মেদিনীপুরের তমলুকে পিঠ দেবী বর্গভীমা মায়ের মন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
আরও পড়ুন: দলের সঙ্গে একশোবার আছি, আদালত থেকে বেরিয়ে বললেন পার্থ


সুকান্ত বলেন, ‘গুজরাটে সেতু দুর্ঘটনায় সাহায্যের হাত বাড়িয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু সব থেকে বড় কথা হল তদন্ত হবে। আর তদন্ত হলে যারা অপরাধী তারা ধরা পড়বে। কিন্তু পশ্চিমবঙ্গে কোনও সেতু ভেঙে গেলে তার তদন্ত হয় না।’ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের গ্রামীন এলাকায় কমপক্ষে ৫০ টি ব্রিজ ভাঙার মুখে রয়েছে বলে তার অভিযোগ।

এ প্রসঙ্গে বলতে গিয়ে উত্তর কলকাতায় পোস্তা ব্রিজ ভেঙে পড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পোস্তা ব্রিজ ভাঙার ঘটনা প্রায় ৬ বছর হতে চলল। কিন্তু এখনও পর্যন্ত কাউকে শাস্তি দেওয়া হয়নি।’ দুই দিনের জন্য পূর্ব মেদিনীপুর জেলা সফরে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। রবিবার জেলায় একাধিক জায়গায় কর্মসূচিতে যোগদান করেন। আজ সোমবার সকালে পীঠ দেবী বর্গভীমা মায়ের মন্দিরে পুজো করেন।
বাংলায় কমপক্ষে ৫০ টি ব্রিজ ভাঙার মুখে, বিস্ফোরক দাবি সুকান্তের



প্রসঙ্গত, রবিবার সন্ধেবেলা গুজরাটের মোরবি জেলায় (Morbi District) মাচ্ছু নদীর উপর একটি কেবল ব্রিজ ভেঙে পড়ে। প্রায় শতাধিক মানুষ সেখানে আটকে পড়েছিলেন বলে জানা গিয়েছিল। মৃতের সংখ্যা লাফিয়ে-লাফিয়ে বাড়তে থাকে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। পুলিশ, স্থানীয় প্রশাসন, রাজ্য় বিপর্যয় মোকাবিলা বাহিনী, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, দমকল বিভাগ উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে। রাতভর সেই তল্লাশি অভিযান চলেছে। বর্তমানে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭-র বেশি।







