নজরবন্দি ব্যুরো: চুক্তি বাড়ল ভারতের সিনিয়র ফুটবল দলের কোচ ইগর স্টিমাচের। ২০২৬ সাল পর্যন্ত চুক্তি বাড়ানো হল তাঁর। বৃহষ্পতিবার AIFF-এর পক্ষ থেকে তাঁর চুক্তি বাড়ানোর কথা জানানো হয়েছে। ফলে আরও তিন বছর তিনি ভারতীয় দলকে কোচিং করাবেন।
আরও পড়ুন: বিশ্বকাপ থেকে ভারতের আয় হবে ২৬ হাজার কোটি টাকা! জানেন কী ভাবে
অন্যদিকে ভারতের সিনিয়র পুরুষ দলের সহকারি কোচ মহেশ গাউলিকে করা হল অনূর্ধ্ব ২৩ দলের প্রধান কোচ। এদিন ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে ফেডারেশনের সচিব সাজি প্রভাকরণ জানান, ভিশন ২০৪৭ এর কথা মাথায় রেখে জাতীয় কোচের চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাঁর ওপর আস্থা রাখার জন্য ফেডারেশনকে ধন্যবাদ জানান ইগর। তিনি বলেন, ‘আমার এবং আমার কোচিং স্টাফের ওপর ভরসা রাখার জন্য ধন্যবাদ। এটার থেকে স্পষ্ট যে আমার প্রক্রিয়ার ওপরও আস্থা রাখা হচ্ছে। কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। শেষপর্যন্ত সিলমোহর পড়ল।’
২০২৬ সাল পর্যন্ত ভারতের সিনিয়র ফুটবল দলের কোচ থাকছেন ইগর স্টিমাচ

ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পরে তিনি একাধিক সাফল্য এনে দিয়েছেন। যারমধ্যে রয়েছে দুটো সাফ চ্যাম্পিয়নশিপ। এছাড়া FIFA-র র্যাঙ্কিংয়ে ১০০-র কমে এসেছে ভারত। এই সবকিছুই তাঁর পক্ষে ছিল। তবে সোশাল মিডিয়ায় তাঁর কিছু মন্তব্যের জন্য নিন্দার মুখে পড়তে হয়েছিল তাঁকে। শোকজ করা হলে তিনি ক্ষমাও চান। তবে তাঁর সাফল্যই তাঁর পক্ষে যায়।




