আন্তর্জাতিক ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ব্যাপক উত্তেজনা। কোটি কোটি দর্শকের দৃষ্টি থাকে এই হাইভোল্টেজ লড়াইয়ের দিকে। তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শান্তাকুমারন শ্রীসন্থ মনে করেন, এবার দেশের স্বার্থেই এই ম্যাচ হওয়া উচিত নয়। পহেলগাঁও কাণ্ডের পর ভারত-পাকিস্তানের সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে। ঠিক সেই আবহেই এশিয়া কাপ ২০২৫ আয়োজনের খবর আসে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) প্রধান মহসিন নকভি জানিয়ে দেন, প্রতিযোগিতা নির্ধারিত সময়েই হবে এবং ভারত-পাকিস্তান ম্যাচ অন্তত তিনবার হতে পারে।
কিন্তু তাতে একেবারেই খুশি নন শ্রীসন্থ। ‘রিপাবলিক টিভি’-তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি ক্রিকেট ভালবাসি। কিন্তু দেশের থেকে কিছুই বড় নয়। পাকিস্তানের সঙ্গে খেলাটা এই মুহূর্তে ঠিক নয়। আমাদের উচিত সোজা ভাষায় না বলা।”
“দেশভক্তি আগে, ব্যবসা নয়”
শ্রীসন্থের বক্তব্য, “অনেকেই ভারত-পাকিস্তান ম্যাচকে বাণিজ্যের চোখে দেখেন। কিন্তু এই মুহূর্তে আনন্দ বা ব্যবসা নয়, দেশের নিরাপত্তা ও মর্যাদাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। উত্তপ্ত সম্পর্কের সময় পাকিস্তানের সঙ্গে মাঠে নামাটা ভুল বার্তা দিতে পারে।” তিনি আরও বলেন, “পাকিস্তান বারবার সন্ত্রাসে মদত দিচ্ছে, আর আমরা কি তাদের সঙ্গে খেলব? এটা একধরনের বৈধতা দেওয়া। এমনটা হতে পারে না।”
তবুও এশিয়া কাপে তিনবার ম্যাচের সম্ভাবনা
‘ক্রিকবাজ’-এর রিপোর্ট অনুযায়ী, আসন্ন এশিয়া কাপ হতে পারে সংযুক্ত আরব আমিরশাহির দুবাই এবং আবু ধাবিতে। ৮টি দলকে ২টি গ্রুপে ভাগ করা হবে। ভারত ও পাকিস্তান একই গ্রুপে থাকায় গ্রুপ পর্বেই একবার দেখা হওয়ার সম্ভাবনা। এছাড়াও যদি দু’দল সুপার ফোর ও ফাইনালে পৌঁছে যায়, তাহলে পুরো প্রতিযোগিতা জুড়ে তিনবার ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে। গ্রুপ পর্বে ম্যাচ হতে পারে ১৪ সেপ্টেম্বর, সুপার ফোরে ২১ সেপ্টেম্বর এবং ফাইনাল হতে পারে সেপ্টেম্বরের শেষ রবিবারে।
কেন ম্যাচ বাতিলের দাবি?
শ্রীসন্থের মত, শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, সাধারণ মানুষের আবেগকেও গুরুত্ব দেওয়া উচিত। তিনি বলেন, “যে দেশে হামলা চালায়, আমাদের সেনাদের হত্যা করে, তাদের সঙ্গে খেলা দেশের অপমান।” অনেকে মনে করছেন, শ্রীসন্থের এই মন্তব্য বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যদিও ভারতীয় বোর্ড (BCCI) বা কেন্দ্রীয় সরকারের তরফে এখনো এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে এই দাবির ফলে ফের একবার ক্রিকেটের ময়দানে রাজনীতি ও জাতীয় নিরাপত্তা ঘিরে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে।



