রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি। বেঙ্গল টি-২০ লিগ থেকে বাংলার ক্রীড়া উন্নয়ন— উঠে এল একাধিক বিষয়।
রাজ্যে নতুন সরকার গঠনের পর ক্রীড়া প্রশাসনেও শুরু হয়েছে নতুন সমীকরণ। সেই আবহেই বুধবার রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর সঙ্গে বৈঠকে বসলেন সৌরভ গাঙ্গুলি। নিউ সেক্রেটারিয়েটে হওয়া এই বৈঠককে ঘিরে ক্রীড়ামহলে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
বুধবার দুপুরে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-র সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং কোষাধ্যক্ষ সঞ্জয় দাস ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করেন। বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ হলেও বাংলার ক্রীড়া পরিকাঠামো এবং ক্রিকেট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল আসন্ন বেঙ্গল টি-২০ লিগ। আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলা ফাইনাল ম্যাচে উপস্থিত থাকার জন্য ক্রীড়ামন্ত্রীকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান সৌরভ। সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন ইন্দ্রনীল খাঁ।
বৈঠক শেষে সৌরভ জানান, তাঁরা চান ক্রীড়ামন্ত্রী নিজে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দিন। পাশাপাশি ক্রীড়া সংক্রান্ত বিভিন্ন বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
সৌরভ আরও বলেন, সিএবির কিছু প্রশাসনিক ও সাংগঠনিক বিষয় নিয়ে তিনি ব্যক্তিগতভাবে একটি চিঠি ক্রীড়ামন্ত্রীর হাতে তুলে দিয়েছেন। ওই চিঠিতে সংস্থার সাম্প্রতিক কিছু সমস্যার কথা উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি। তবে বিস্তারিত বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি।
অন্যদিকে, নতুন দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলার ক্রীড়া উন্নয়ন নিয়ে সক্রিয় ভূমিকা নিতে দেখা যাচ্ছে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁকে। সম্প্রতি তিনি জানিয়েছিলেন, রাজ্যের ক্রীড়া ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রাক্তন ও বর্তমান ক্রীড়াবিদদের অভিজ্ঞতা কাজে লাগাতে চান।
সেই তালিকায় রয়েছেন সৌরভ গাঙ্গুলি, লিয়েন্ডার পেজ, অশোক দিন্দা, মনোজ তিওয়ারি, পৌলমী ঘটক এবং কল্যাণ চৌবের মতো ক্রীড়া ব্যক্তিত্বরা। তাঁদের পরামর্শের ভিত্তিতেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ইঙ্গিত দিয়েছেন তিনি।
এছাড়াও ময়দানের বিভিন্ন ক্রীড়া সংগঠন এবং প্রশাসনিক কাঠামো নিয়ে যে অভিযোগ ও বিতর্ক রয়েছে, সেগুলিও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ক্রীড়ামন্ত্রী। ইতিমধ্যেই কয়েকজন ক্রীড়া প্রশাসকের সঙ্গে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
নতুন সরকারের আমলে বাংলার ক্রীড়া উন্নয়নে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়, তা নিয়ে আগ্রহ রয়েছে ক্রীড়াপ্রেমীদের মধ্যে। সেই প্রেক্ষাপটে সৌরভ গাঙ্গুলি ও ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ক্রীড়ামহল।



