জল্পনার অবসান, IPL 2027-এ দিল্লির হেড কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়

২০১৯ সাল থেকে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত সৌরভ গঙ্গোপাধ্যায় এবার আইপিএলে প্রথম বার হেড কোচের দায়িত্ব নিলেন। হেমাঙ্গ বাদানির জায়গায় কোচ হলেন ‘দাদা’।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

জল্পনার অবসান। আইপিএল ২০২৭-এ দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার, ৬ অক্টোবর, ফ্র্যাঞ্চাইজির তরফে সরকারি ভাবে ঘোষণা করা হয়েছে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের নতুন দায়িত্বের কথা। হেমাঙ্গ বাদানির জায়গায় দিল্লির কোচিংয়ের দায়িত্ব নেবেন সৌরভ।

দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সৌরভের সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০১৯ সালে উপদেষ্টা হিসেবে ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে পুরুষ ও মহিলা—দুই দলেরই ক্রিকেট কাঠামোয় একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। এবার সেই পরিচিত ফ্র্যাঞ্চাইজিতেই প্রথম বার আইপিএলের হেড কোচের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

২০২৫ ও ২০২৬ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হেড কোচ ছিলেন হেমাঙ্গ বাদানি। তাঁর জায়গাতেই এবার দায়িত্ব পেলেন সৌরভ। ২০২৬ আইপিএলে দিল্লি ষষ্ঠ স্থানে শেষ করেছিল। নতুন মরশুমের আগে তাই কোচিং কাঠামোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজি।

দিল্লি ক্যাপিটালসের অফিসিয়াল ঘোষণায় সৌরভের দীর্ঘদিনের সম্পর্ককেই বিশেষ ভাবে তুলে ধরা হয়েছে। JSW ও GMR-এর যৌথ মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট ব্যবস্থার সঙ্গে গত কয়েক বছর ধরেই যুক্ত ছিলেন তিনি। এবার সেই অভিজ্ঞতাকেই দলের মাঠের পারফরম্যান্সে কাজে লাগানোর দায়িত্ব তাঁর কাঁধে।

কী বললেন সৌরভ?

হেড কোচের দায়িত্ব পেয়ে সৌরভ জানিয়েছেন, আইপিএলে এই ভূমিকা নিতে তিনি আগ্রহী। দিল্লি ক্যাপিটালস তাঁর কাছে অত্যন্ত কাছের একটি ফ্র্যাঞ্চাইজি বলেও উল্লেখ করেছেন তিনি।

সৌরভের কথায়, মালিকপক্ষ, ম্যানেজমেন্ট, সাপোর্ট স্টাফ এবং ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করার অভিজ্ঞতা নতুন দায়িত্বকে তাঁর কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে। দলে প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন এবং নতুন মরশুমে তাঁদের সঙ্গে কাজ করে একটি শক্তিশালী ও আত্মবিশ্বাসী দল গড়ে তুলতে চান তিনি।

দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে সৌরভের নিয়োগকে ফ্র্যাঞ্চাইজির জন্য নতুন অধ্যায় হিসেবে তুলে ধরা হয়েছে। চেয়ারম্যান ও সহ-মালিক পার্থ জিন্দাল জানিয়েছেন, সৌরভ দীর্ঘদিন ধরেই দিল্লি ক্যাপিটালস পরিবারের গুরুত্বপূর্ণ অংশ। তাঁর নেতৃত্ব, অভিজ্ঞতা এবং ক্রিকেট সম্পর্কে গভীর জ্ঞান দলের কাজে আসবে বলে আশা ফ্র্যাঞ্চাইজির।

সৌরভের দিল্লি ক্যাপিটালস-যাত্রা শুরু হয়েছিল ২০১৯ সালে। তখন তিনি ফ্র্যাঞ্চাইজির উপদেষ্টা হিসেবে যোগ দেন। এরপর ধাপে ধাপে তাঁর দায়িত্বের পরিধি বাড়ে। পুরুষ ও মহিলা দলের ক্রিকেট কাঠামোয় Director of Cricket-সহ একাধিক নেতৃত্বস্থানীয় পদে কাজ করেছেন তিনি।

এই দীর্ঘ সম্পর্কই এবার তাঁকে সরাসরি কোচিংয়ের দায়িত্বে নিয়ে এল। অর্থাৎ, নতুন করে ফ্র্যাঞ্চাইজির পরিবেশ, ক্রিকেটার বা ব্যবস্থাপনার সঙ্গে পরিচিত হওয়ার প্রয়োজন নেই সৌরভের। বরং গত কয়েক বছরে তৈরি হওয়া অভিজ্ঞতাকেই এবার মাঠের পরিকল্পনায় কাজে লাগাতে হবে তাঁকে।

ভারতীয় ক্রিকেটে দীর্ঘদিনের অধিনায়কত্ব এবং প্রশাসনিক অভিজ্ঞতার পর এবার আইপিএলে পূর্ণ সময়ের হেড কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করছেন সৌরভ। এর আগে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট কাঠামোর বিভিন্ন পদে থাকলেও আইপিএলে এই প্রথম সরাসরি হেড কোচের দায়িত্ব নিচ্ছেন তিনি।

দিল্লি ক্যাপিটালস এখনও আইপিএল ট্রফি জিততে পারেনি। তাই ২০২৭ মরশুমে সৌরভের সামনে বড় দায়িত্ব থাকবে দলকে নতুন পরিকল্পনায় সাজানো এবং দীর্ঘমেয়াদি ভাবে প্রতিযোগিতামূলক করে তোলা। ফ্র্যাঞ্চাইজির তরফেও নতুন কোচের অভিজ্ঞতা ও নেতৃত্বের উপর আস্থা প্রকাশ করা হয়েছে।

সৌরভ নিজেও জানিয়েছেন, নতুন মরশুমে তাঁর লক্ষ্য একটি শক্তিশালী ও fearless দল তৈরি করা। ফলে আইপিএল ২০২৭-এর আগে দিল্লি ক্যাপিটালসের পরিকল্পনায় ‘দাদা’ কী পরিবর্তন আনেন, এখন সেদিকেই নজর ক্রিকেটমহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন