আজ দোলপূর্ণিমা। গতকাল দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দোলের দিনেই জোরকদমে ভোটের প্রচারে নেমে পড়েছে প্রার্থীরা। গত লোকসভা নির্বাচনে ব্যস্ততার কারণে বিষ্ণুপুরে পা রাখতে পারেননি সৌমিত্র খাঁ। তাঁর হয়ে দিনরাত প্রচার করেছিলেন তৎকালীন স্ত্রী সুজাতা। তবে পাঁচ বছরে বদলে গিয়েছে তাদের সম্পর্কের সমীকরণ। সুজাতা এবং সৌমিত্র এখন একে অপরের প্রাক্তন।



আরও পড়ুন : রাতে প্রার্থীঘোষণা, সকালেই বিরুদ্ধে পোষ্টার, প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল!
লোকসভা নির্বাচনের মুখে এখন সৌমিত্রর প্রচারের সঙ্গী তাঁর নববিবাহিত স্ত্রী। দোলের দিন বাইকে চড়ে রংমিলান্তি পোশাকে বিষ্ণুপুরের অলিগলিতে ঘুরে বেড়ালেন দুজনে। খেললেন দোলও। সঙ্গে সারলেন ভোটের প্রচার। সকলের সঙ্গে দোলের শুভেচ্ছা বিনিময় করেন। সঙ্গে পরিবারকে সময় দিলেন সৌমিত্র। মন্দিরে বাবা, মা, দিদি, দাদা-সহ পরিবারের সকলে সঙ্গে দোল খেলেন সৌমিত্র।

রংমিলান্তি পোশাকে দোলের দিন সৌমিত্র ও তাঁর নববধূ, চলছে নির্বাচনী প্রচার
তিনি বলেন, “বিগত দিনগুলিতে পরিবারকে সময় দিতে পারিনি। আজ আমি খুব আনন্দিত। জীবন তো এগিয়ে যায় থেমে থাকে না। কারও ভুলের জন্য থমকে থাকত পারে না।” প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচনে সৌমিত্রের বিরুদ্ধে নির্বাচনী প্রতিদ্বন্দ্বী শাসকদলে তার প্রাক্তন স্ত্রী সুজাতা খাঁ। ভোটের প্রচারে ব্যস্ত তিনি। এই ব্যস্ততার মাঝে দোলের আনন্দে মেতে উঠতে পারায় উচ্ছ্বসিত সৌমিত্র।









