বিয়ের প্রস্তুতির মাঝেই বিপর্যয়, হৃদরোগে আক্রান্ত স্মৃতি মান্ধানার বাবা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতীয় মহিলা ক্রিকেটের তারকা স্মৃতি মান্ধানার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়টি শুরু হওয়ার কথা ছিল এই সপ্তাহেই। বিশ্বকাপ জয়ের পর পরিবারের উপস্থিতিতে পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ের প্রস্তুতি চলছিল জোরকদমে। কিন্তু আনন্দের আবহের মধ্যেই আচমকা ঘটে অঘটন। বিয়ের প্রস্তুতির সময় স্মৃতি মান্ধানার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন, যা মুহূর্তে স্তব্ধ করে দেয় অনুষ্ঠানস্থলের পরিবেশ।

মহারাষ্ট্রের সাঙ্গলিতে স্মৃতির ফার্মহাউসে সাজানো হয়েছিল বিয়ের আসর। পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং টিম ইন্ডিয়ার কয়েকজন ক্রিকেটারও উপস্থিত ছিলেন প্রস্তুতিতে। সেই সময়েই হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন শ্রীনিবাস মান্ধানা। দ্রুত তাঁকে অ্যাম্বুলেন্সে করে সাঙ্গলির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্মৃতির বিজনেস ম্যানেজার তুহিন মিশ্রা নিশ্চিত করেন যে, বিয়ের প্রস্তুতির সময়ই শ্রীনিবাস মান্ধানা হৃদরোগে আক্রান্ত হন। তিনি জানান, প্রথমে সবাই বেশ ভয় পেলেও দ্রুত চিকিৎসার ফলে তাঁর অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকেরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

বিয়ের প্রস্তুতির মাঝেই বিপর্যয়, হৃদরোগে আক্রান্ত স্মৃতি মান্ধানার বাবা

স্মৃতি মান্ধানার বাবা হৃদরোগে আক্রান্ত হওয়ার পরপরই বিয়ের আজকের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। কবে বিয়ের সাজ আবার শুরু হবে তা পরিবার এখনও জানায়নি। তবে স্মৃতির বাগানবাড়ি সাজানোর কাজ আপাতত বন্ধ না করে ধীর গতিতে চালানো হচ্ছে। সূত্রের খবর, পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন তারিখ ঠিক করা হবে।

পরিবারের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে, এই ঘটনার নিয়ে অকারণ চর্চা বা গুজব ছড়ানো না হয়। তারা অনুরোধ করেছে, এই কঠিন সময়ে পরিবারকে ব্যক্তিগত পরিসর দিতে। স্মৃতি নিজেও হাসপাতালে গিয়ে পাশে থাকছেন বাবার। বিয়ের প্রস্তুতির প্রতিটি অংশে তিনি নিজে নজর রাখছিলেন। এই বিপর্যয় সেই আনন্দঘন সময়কে খানিকটা থামিয়ে দিয়েছে।

বিয়ের প্রস্তুতির মাঝেই বিপর্যয়, হৃদরোগে আক্রান্ত স্মৃতি মান্ধানার বাবা

রিপোর্ট অনুযায়ী, ২৩ নভেম্বর স্মৃতি ও পলাশের বিয়ের আচার-অনুষ্ঠান হওয়ার কথা ছিল। ছোট পরিসরে, পরিবারের সদস্যদের উপস্থিতিতে আয়োজিত হতো সেসব রীতি। বিয়ের আগে স্মৃতির সঙ্গে গত তিন দিন ধরে ছিলেন ভারতীয় মহিলাদের দলের কয়েকজন ক্রিকেটারও, যা বিয়ের প্রস্তুতি ঘিরে আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছিল।

স্মৃতি মান্ধানার বাবা হৃদরোগে আক্রান্ত হলেও পরিবার জানিয়েছে, ভয় পাওয়ার মতো কোনও অবস্থা নেই। তাঁকে নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসকেরা প্রয়োজনীয় সব ব্যবস্থা করেছেন। বিয়ের সমস্ত অনুষ্ঠান আপাতত স্থগিত রাখা হলেও পরিবারের আশাবাদ—শ্রীনিবাস মান্ধানা পুরোপুরি সুস্থ হলেই আবার শুরু হবে নতুন জীবনের প্রস্তুতি।

ভারতের অন্যতম সেরা ব্যাটার স্মৃতি মান্ধানার জীবনের এই বিশেষ মুহূর্তে এমন বিপত্তি নিঃসন্দেহে মানসিক ভাবে কঠিন। তবে পরিবারের পাশে থাকা, চিকিৎসকদের সময়মতো ব্যবস্থা এবং শ্রীনিবাস মান্ধানার স্থিতিশীলতা খানিকটা স্বস্তি দিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত