ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। তার মধ্যেই রবিবার ভারত-বাংলাদেশের পেট্রাপোল-বেনাপোল সীমান্ত পরিদর্শনে যাওয়ার কথা আওয়ামি লিগের চার শীর্ষ নেতার। তাঁদের মধ্যে রয়েছেন জাহাঙ্গির কবির নানক, মোফাজ্জল হোসেন মায়া, বাহাউদ্দিন নাসিম এবং প্রাক্তন সাংসদ সালাউদ্দিন নাসিম। সূত্রের দাবি, কয়েক দিন সীমান্তবর্তী এলাকায় থাকার পর তাঁদের আগরতলা যাওয়ার পরিকল্পনা রয়েছে। এই কর্মসূচির খবর সামনে আসতেই প্রশ্ন উঠছে, বনগাঁ সীমান্ত দিয়েই কি দেশে ফেরার কোনও সম্ভাবনা খতিয়ে দেখছে হাসিনার দল? যদিও শেখ হাসিনার প্রত্যাবর্তনের সঙ্গে এই সীমান্ত পরিদর্শনের সরাসরি যোগসূত্রের কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও সামনে আসেনি।
আওয়ামি লিগের চার নেতার এই সীমান্ত সফর ঘিরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকেও নজর রয়েছে। জানা যাচ্ছে, রবিবার পেট্রাপোল-বেনাপোল সীমান্ত ও সংলগ্ন এলাকা ঘুরে দেখবেন তাঁরা। দলের দুই প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গির কবির নানক ও মোফাজ্জল হোসেন মায়ার পাশাপাশি থাকবেন যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম এবং প্রাক্তন সাংসদ সালাউদ্দিন নাসিম। তাঁদের সফরের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে তিন থেকে চার দিন ওই অঞ্চলে থাকার পর আগরতলায় যাওয়ার কথা রয়েছে তাঁদের বলে সূত্রের দাবি।
প্রসঙ্গত, ২০২৪ সালের অগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে রয়েছেন শেখ হাসিনা। গত নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের আন্দোলন দমনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। সেই রায় প্রত্যাখ্যান করেছেন হাসিনা। তবে সম্প্রতি ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।
দেশে ফেরার প্রস্তুতির ইঙ্গিত হিসেবে ইতিমধ্যেই বাংলাদেশের হাই কমিশনের কাছে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেছেন তাঁর আইনজীবীরা। ৯ নভেম্বর প্রথমবার আবেদন জানানো হয়। পরে ১৯ নভেম্বর হাসিনার স্বাক্ষর করা অনুমতিপত্র-সহ ফের চিঠি পাঠান তাঁর আইনজীবী। তবে ঢাকার তরফে নতুন পাসপোর্ট দেওয়ার বিষয়ে আপত্তি জানানো হয়েছে। বাংলাদেশ সরকারের অবস্থান, হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফেরাতে হবে। ফলে তাঁর প্রত্যাবর্তনের প্রক্রিয়া এখনও আইনি ও কূটনৈতিক জটিলতার মধ্যে রয়েছে।
এদিকে বাংলাদেশে আওয়ামি লিগের রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা অব্যাহত। গত কয়েক দিনে দেশের বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর। বিশেষ করে গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। আওয়ামি লিগের কার্যক্রম নিষিদ্ধ থাকার মধ্যেই সেখানে দলের নেতা-কর্মীদের একাধিক কর্মসূচি ঘিরে সংঘর্ষ ও সরকারি সম্পত্তিতে হামলার অভিযোগ উঠেছে।
গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে আওয়ামি লিগের নেতা-কর্মীদের মিছিল ঘিরে উত্তেজনা তৈরি হয়। মিছিলে অংশগ্রহণকারীদের একাংশের বিরুদ্ধে পুলিশের গাড়ি ও সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (BGB)-র অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। প্রশাসনের তরফে পুলিশ, আনসার ও অন্যান্য নিরাপত্তা বাহিনীকেও সতর্ক রাখা হয়েছে।
শুধু গোপালগঞ্জ নয়, দেশের আরও কয়েকটি জেলায় রাজনৈতিক হিংসার খবর সামনে এসেছে। ১৯ নভেম্বর আওয়ামি লিগের দেশজুড়ে কর্মসূচিকে কেন্দ্র করে অন্তত ১০টি জেলায় অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও রাস্তা অবরোধের খবর প্রকাশ্যে আসে। একাধিক রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধির বাড়িতেও হামলার অভিযোগ ওঠে। পরিস্থিতি মোকাবিলায় সাতটি জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েনের কথা জানিয়েছে বাংলাদেশি সংবাদমাধ্যম।
রবিবারের পরিস্থিতি নিয়েও সতর্ক রয়েছে বাংলাদেশ প্রশাসন। ডিসেম্বর মাসে আরও বড় ধরনের নাশকতার আশঙ্কায় পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলি নজরদারি বাড়িয়েছে বলে বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর। ঢাকা, গোপালগঞ্জ এবং সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করার পরিকল্পনাও রয়েছে।
এই পরিস্থিতিতে পেট্রাপোল-বেনাপোল সীমান্তে আওয়ামি লিগের চার শীর্ষ নেতার সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে। তবে এই সফরকে শেখ হাসিনার দেশে ফেরার চূড়ান্ত প্রস্তুতি বলে ধরে নেওয়ার মতো কোনও নিশ্চিত তথ্য নেই। হাসিনা শেষ পর্যন্ত কোন পথে বাংলাদেশে ফিরবেন, আদৌ নির্ধারিত সময়ে ফিরতে পারবেন কি না, তার উত্তর নির্ভর করছে আইনি প্রক্রিয়া, দুই দেশের কূটনৈতিক অবস্থান এবং বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির উপর।



