বর্ষীয়ান রাজনীতিক শরদ পওয়ারের অসুস্থতার খবরে উদ্বেগ ছড়াল রাজনৈতিক মহলে। কয়েকদিন ধরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন এনসিপি প্রতিষ্ঠাতা। অবস্থার অবনতি হওয়ায় সোমবার তড়িঘড়ি তাঁকে পুণের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের দাবি, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দীর্ঘদিন ধরেই বয়সজনিত একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন ৮৫ বছরের এই প্রবীণ নেতা। বাড়িতেই চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি। সম্প্রতি সর্দি-কাশির সঙ্গে শ্বাসকষ্ট শুরু হওয়ায় উদ্বেগ বাড়ে। সমস্যা ক্রমশ বাড়তে থাকায় চিকিৎসকদের পরামর্শে একাধিক পরীক্ষা করানো হয়।


পরীক্ষার রিপোর্ট হাতে আসার পরই তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ একটি অ্যাম্বুলেন্স বারামতির গোবিন্দবাগে তাঁর বাসভবনে পৌঁছয়। সেখানে চিকিৎসকদের একটি দল প্রাথমিক পরীক্ষা করেন।
পরিস্থিতি বিবেচনা করে চিকিৎসকেরা তাঁকে দ্রুত পুণেতে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন মেয়ে ও এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে।
উল্লেখ্য, নব্বইয়ের দশকে শরদ পওয়ারের মুখে ক্যানসার ধরা পড়েছিল। আমেরিকা ও ভারতে একাধিক অস্ত্রোপচারের পর তিনি সুস্থ হয়ে ওঠেন। সম্প্রতি পারিবারিক শোকের মধ্যেও ছিলেন তিনি—বারামতীতে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর ভাইপো তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের।


এই পরিস্থিতিতে বর্ষীয়ান নেতার অসুস্থতায় উদ্বিগ্ন এনসিপি সমর্থকরা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন দলীয় কর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীরা।







