নজরবন্দি ব্যুরো: আজ, শুক্রবার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে আয়োজিত হয়েছে তৃণমূলের শহিদ দিবস। আর, এই কর্মসূচিকে কেন্দ্র করে ধর্মতলায় কার্যত জনজোয়ার। দূরদূরান্ত থেকে কর্মী সমর্থকেরা ভিড় করে আসছেন ধর্মতলায়। মোট তিনটি মঞ্চ তৈরি হয়েছে আজকের সমাবেশের জন্য। ইতিমধ্যেই মঞ্চে উঠে গান শুরু করেছেন যুব তৃণমূলের নেতা নেত্রীরা। ঠিক দুপুর ১২টা থেকে শুরু হবে শহিদ দিবসের অনুষ্ঠান।
আরও পড়ুন: সভা শুরুর আগে টুইট বার্তা অভিষেকের, কী বললেন দলের সাধারণ সম্পাদক
আগামী বছর লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ শহিদ দিবস। তাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোট নিয়ে ঠিক কী বলেন তা শুনতে উদগ্রীব কর্মী সমর্থকরা। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় আজকের শেষ বক্তা। মুখ্যমন্ত্রী ছাড়া বক্তব্য রাখবেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, যুবনেত্রী সায়নী ঘোষ, রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো প্রথম সারির নেতারা।

বিভিন্ন জেলা থেকে বৃহস্পতিবার রাত থেকেই মানুষ কলকাতায় আসতে শুরু করেছেন। আজ হুগলী, বহরমপুর ও হাওড়া থেকে মিছিল করে ধর্মতলায় আসছেন হাজার হাজার তৃণমূলের কর্মী। এছাড়া বাস এবং ছোট গাড়ি করে তো কর্মীরা লাগাতার এসে যাচ্ছেন। অবস্থা এমনই যে অনেকে ধর্মতলা পর্যন্ত পৌঁছতে পারছেন না। হাওড়া ও শিয়ালদহ স্টেশনে বিশাল স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। যারা সভামঞ্চ পর্যন্ত পৌঁছতে পারবেন না তাঁরা চোখ রাখবেন পর্দায়।
ধর্মতলায় জনজোয়ার, মঞ্চে গান শুরু যুব তৃণমূলের, অপেক্ষার আর মাত্র ৩০ মিনিট!
![]()



