নজরবন্দি ব্যুরোঃ পিছিয়ে গেল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। জুন মাসে হচ্ছে না দশম ও দ্বাদশ শেনীর চূড়ান্ত পরীক্ষা, জানিয়ে দিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। অতিমারির জেরে চলতি বছরের একের পর এক পরীক্ষা বাতিল করা হচ্ছে। গত বছর করোনা আবহের মধ্যেই মাধ্যমিক পরীক্ষা নিয়েছিল শিক্ষা পর্ষদ। কিন্তু সম্পুর্ণ করা যায়নি উচ্চমাধ্যমিক পরীক্ষা।
আরও পড়ুনঃ দূরের মানুষদের ঘরে পৌঁছাতে আজ দিনভর অতিরিক্ত বেসরকারি বাস চালানোর আর্জি রাজ্যের
মাঝপথে বন্ধ করতে হয়েছিল উচ্চমাধ্যমিক। দ্বাদশ শ্রেণির তিনটি বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছিল। করোনার পরিস্থিতির জন্য চলতি বছরের একাদশ শ্রেণির চুড়ান্ত পরীক্ষা নেওয়া হবে না বলে আগেই জানিয়েছে শিক্ষা দপ্তর। এবার স্থগিত আরও দুই পরীক্ষা।
আগামী ১জুন থেকে মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদের তরফে বলা হয় করোনার বাড়বাড়ন্তের মধ্যে পরীক্ষা নেওয়া কোনো ভাবেই সম্ভব নয়। এর পরই উচ্চশিক্ষা পর্ষদ জানায় মাধ্যমিক পিছিয়ে গেলে উচ্চমাধ্যমিকও পিছিয়ে যাবে। তার পরই দুটি পরীক্ষাই আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।
জুন মাসে হচ্ছে না পরীক্ষা। শনিবার সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, কোভিডের জন্য আপাতত পরীক্ষা স্থগিত করা হল। পরবর্তী সময়ে পরিস্থিতি দেখে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।



