টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এখন সিনেমার দুনিয়া থেকে কিছুটা দূরে। বরানগর বিধানসভার বিধায়ক হিসেবে বর্তমানে তিনি পুরোদমে রাজনৈতিক কাজেই ব্যস্ত। উপনির্বাচনের মাধ্যমে বিধানসভায় প্রবেশ করে সায়ন্তিকা জানিয়েছেন, এখন তাঁর সময় কম কিন্তু দায়িত্ব অনেক বেশি। তাই আপাতত অভিনয় নয়, মানুষকে নিয়েই তাঁর মনোনিবেশ।
সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা লক্ষ্য করেছেন, ফিটনেস ফ্রিক সায়ন্তিকার চেহারায় কিছুটা পরিবর্তন এসেছে। এ প্রসঙ্গে হেসে অভিনেত্রী-বিধায়ক সাফ জানান, “এখন সিনেমা করছি না, তাই ওজন নিয়ে খুব একটা ভাবছি না। কাজ বেশি, সময় কম।”
তবে তাঁর অভিনয় ছাড়ার কোনও ইচ্ছেই নেই। বরং সায়ন্তিকা আশ্বাস দেন, “২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর অভিনয়ে ফিরব।” তিনি বলেন, “আমি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছি, তার মূল কারণ দর্শকদের ভালবাসা এবং অভিনয়। রাজনীতির এই জগতে আমার প্রবেশ, সেই অভিনয় থেকেই। তাই অভিনয়ে ফেরা আমার কাছে শুধু পরিকল্পনা নয়, আবেগও।”

সিনেমা ফিরতে প্রস্তুত হচ্ছেন ধীরে ধীরে
সায়ন্তিকা আরও জানান, কিছুদিন আগেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রের প্রস্তাব এসেছিল, কিন্তু রাজনৈতিক দায়িত্বের জন্য সে কাজটি ফিরিয়ে দিতে হয়। তবে ভবিষ্যতের জন্য প্রস্ততি নিচ্ছেন। “যখন ফিরব, সেই চেনা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় হিসেবেই ফিরব,” — বললেন তিনি। তাঁর কথায়, “সিনেমা আমার বাড়ির মতো। সারাদিনের রাজনৈতিক কর্মসূচি শেষে ক্যামেরা ও লাইটের সামনে দাঁড়ানোর যে আরাম, সেটা অন্যরকম।”
রাজনীতির ময়দানে অভিনেত্রীর নতুন অধ্যায়
সায়ন্তিকা বর্তমানে বরানগরের মানুষের জন্য দিনরাত পরিশ্রম করছেন। এলাকায় নানা উন্নয়নমূলক কাজ, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, সমস্যা সমাধান—এসবই এখন তাঁর মূল লক্ষ্য। তিনি বিশ্বাস করেন, রাজনীতি একটি নতুন চ্যালেঞ্জ, কিন্তু নিজের পরিচয় গড়ে তুলতে সাহায্য করেছে অভিনয়ই। অনেক অনুরাগীরাই অপেক্ষায় দিন গুনছেন কবে আবার সায়ন্তিকা বড় পর্দায় ফিরবেন। তাদের উদ্দেশে অভিনেত্রীর বার্তা স্পষ্ট—“ফিরব, তবে সঠিক সময়ে।”
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে সফলতা এবং পরিশ্রমের পরিচয় পাওয়া যাচ্ছে তাঁর কর্মকাণ্ডে। তবে ভক্তদের জন্য সুখবর হল, তিনি অভিনয় ছাড়ছেন না। বরং আগামী দিনে নতুন উদ্যমে, চেনা রূপেই সিনেমা জগতে ফিরবেন। এখন শুধু সময়ের অপেক্ষা।



