টি২০ বিশ্বকাপে ভারতের ঐতিহাসিক জয়ের নায়ক তিনি। টুর্নামেন্টে দুরন্ত পারফরম্যান্স করে শুধু ভারতকে চ্যাম্পিয়নই করেননি, হয়েছেন ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ও। সেই সাফল্যের পর এবার ব্যক্তিগত আবেগের মুহূর্ত ভাগ করে নিলেন সঞ্জু স্যামসন। বিশ্বকাপ জয়ের পর ইনস্টাগ্রামে স্ত্রী চারুলতার উদ্দেশে একটি খোলা প্রেমপত্র লিখলেন ভারতীয় তারকা ক্রিকেটার।
এক সময় বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার সম্ভাবনাই খুব কম ছিল। সেই জায়গা থেকে বিশ্বকাপ খেলেই ভারতের হয়ে ট্রফি জয়ের অন্যতম নায়ক হয়ে ওঠা—এই পথচলার প্রতিটি মুহূর্তে পাশে থাকার জন্য স্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সঞ্জু। নিজের পোস্টে চারুলতাকে আদর করে ‘পন্ডাত্তি’ বলে সম্বোধন করেছেন তিনি। ‘পন্ডাত্তি’ তামিল শব্দ, যার অর্থ স্ত্রী।

ইনস্টাগ্রামে লেখা সেই আবেগঘন বার্তায় সঞ্জু লিখেছেন,
“যেদিন থেকে তোমার সঙ্গে পরিচয় হয়েছে, সেদিন থেকে আজ পর্যন্ত আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আমি যেমনই হই না কেন, তুমি আমাকে ভালবেসেছ। বাইরের পৃথিবীর কাছে আমি যা-ই হই না কেন, তুমি আমার কাছে সবসময় সৎ থেকেছ।”
তিনি আরও লিখেছেন,
“আমার ভাল দিক, খারাপ দিক—সবটাই দেখেছ তুমি। তবুও আমার পাশে থেকেছ। আমার জীবনে ক্রিকেট কতটা গুরুত্বপূর্ণ, সেটা বুঝে নেওয়ার জন্য ধন্যবাদ। নিজের জীবনকেও সেই অনুযায়ী মানিয়ে নিয়েছ।”
বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েও স্ত্রীর কথা উল্লেখ করেন সঞ্জু। তাঁর কথায়,
“এই মুহূর্তটার জন্য আমি যেমন অপেক্ষা করেছিলাম, তেমনই তুমিও অপেক্ষা করেছ, স্বপ্ন দেখেছ।”


পোস্টের শেষে আবারও স্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, “অনেক ধন্যবাদ, পন্ডাত্তি।”
এই পোস্টের সঙ্গে দু’টি ছবিও শেয়ার করেছেন সঞ্জু। একটি ছবিতে দেখা যাচ্ছে, বিশ্বকাপ জয়ের পর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের মাঠে দাঁড়িয়ে আছেন তিনি। অন্য ছবিটি পুরনো—যা সম্ভবত তাঁদের ব্যক্তিগত জীবনের কোনও স্মৃতির মুহূর্ত।

সঞ্জুর এই আবেগঘন পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ক্রিকেটপ্রেমী এবং নেটিজেনরা শুভেচ্ছা ও ভালবাসায় ভরিয়ে দেন বিশ্বজয়ের নায়ককে।







