আরজি করের আর্থিক দুর্নীতির তদন্তে CBI, চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে সন্দীপ

আরজি কর-কাণ্ডে প্রথম থেকেই শিরোনামে সন্দীপ। তিনি নাকি এই হাসপাতাল ও মেডিক্যাল কলেজকে দুর্নীতির আঁতুড়ঘর বানিয়ে ফেলেছিলেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের পাশাপাশি এখন থেকে মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতির যাবতীয় মামলার তদন্ত করবে সিবিআই। শুক্রবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গেল বেঞ্চ এই রায় দিয়েছে। এবার আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।

আরজি কর-কাণ্ডে প্রথম থেকেই শিরোনামে সন্দীপ। তিনি নাকি এই হাসপাতাল ও মেডিক্যাল কলেজকে দুর্নীতির আঁতুড়ঘর বানিয়ে ফেলেছিলেন। ২০২৩ সালেই তাঁর বিরুদ্ধে অভিযোগ এনে টালা থানায় অভিযোগ দায়ের করেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি এ বিষ্যে চিঠি দেন। কিন্তু, রাজ্যের তরফে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন তিনি।

গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার হল থেকে এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের পর জানা যায়, ওই তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় গোটা দেশ। এর মধ্যেই আরজি করে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসে। রাজ্যের তরফে তদন্তের জন্য একটি সিট কমিটি গঠন করা হয়। আজ সেই কমিটিকেও কার্যত বাতিল বলে ঘোষণা করেছে কলকাতা হাই কোর্ট।

সন্দীপ ঘোষকে টানা আটদিন ধরে রোজ সকাল থেকে রাত পর্যন্ত জেরা করছেন গোয়েন্দারা। অভিযোগ, হাসপাতালের মর্গ থেকে মৃতদেহ পাচার করতেন তিনি, ড্রাগ পাচার করতেন। পাশাপাশি, ল্যাব পরিকাঠামোয় আর্থিক দুর্নীতি, বেশি দামে অক্সিজেনযন্ত্র কেনা বা কর্মী নিয়োগ থেকে শুরু করে পড়ুয়াদের পাশ-ফেল করানোর ক্ষেত্রেও নাকি মোটা অঙ্কের টাকা নিতেন সন্দীপ। আদালতের তরফে, শনিবার সকাল দশটার মধ্যে সিবিআইকে এই আর্থিক দুর্নীতি মামলার সমস্ত তথ্য হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। পাশাপাশি, বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ নির্দেশ দেন, আগামী ৩ সপ্তাহের (১৭ সেপ্টেম্বর) মধ্যে তদন্ত সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন