নজরবন্দি ব্যুরো: সচিন পাইলট কি বিজেপিতে যাচ্ছেন? জল্পনা ছড়াতে থাকে রাজনৈতিক মহলে। যদিও তিনি সরাসরি জানিয়ে দেন,”বিজেপিতে যাওয়ার বিন্দুমাত্র পরিকল্পনা নেই”। বুধবার এনডিটিভিকে এমনটাই জানিয়েছেন রাজস্থানের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সচিন পাইলট। তিনি জানান “আমার বিজেপি যোগের খবর রটিয়ে গান্ধী পরিবারের কাছে আমাকে কালিমালিপ্ত করার চক্রান্ত চলছে।” এমনই অভিযোগ তুললেন সচিন।
আর তার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে মত তাঁর। “বিজেপিকে পরাজিত করতে আমি প্রচণ্ড পরিশ্রম করেছিলাম। আর আমি বিজেপি যোগ দেব?” এক কথায় তাঁর সম্পর্কে ওঠা সমস্ত জল্পনা উড়িয়ে দিলেন পাইলট।


আগেও কংগ্রেসেই ছিলেন, এখনও মনে প্রাণে কংগ্রেসেই আছেন, তা আগেই জানিয়েছিলেন এই তরুণ নেতা। তার পাশাপাশি বিজেপি-যোগের সমস্ত তত্ত্বেও এদিন জল ঢেলে দিলেন সচিন। ফলে, রাজস্থান কংগ্রেসের এই নেতা যে হাতছাড়া হচ্ছে না, এই খবরে খুশি কংগ্রেস নেতৃত্ব।
সচিনের পরে আরেক বিদ্রোহী কংগ্রেস বিধায়ক বিশ্বেন্দ্র সিং জানিয়ে দিয়েছেন “আমরা কংগ্রেসেই আছি।” আর এই জোড়া খবরে খুশি কংগ্রেস হাইকমান্ড।









