নীতেশ তিওয়ারি (Nitesh Tiwari) পরিচালিত বহুচর্চিত ‘রামায়ণ’ (Ramayana) ছবিতে রণবীর কপূর (Ranbir Kapoor)-এর রামের চরিত্রে অভিনয় ঘিরে ফের বিতর্ক তৈরি হয়েছে। এবার অভিনেতা সম্পর্কে কড়া মন্তব্য করেছেন অভিনেত্রী নিকিতা রাওয়াল (Nikita Rawal)। রণবীরের একটি পুরনো সাক্ষাৎকারে খাবারের পছন্দ নিয়ে করা মন্তব্যের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেছেন, যদি সেই বক্তব্যে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগে থাকে, তাহলে অভিনেতার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।
এক সাক্ষাৎকারে নিকিতা বলেন, ভগবান রামের চরিত্র শুধুমাত্র একটি সিনেমার চরিত্র নয়, বরং কোটি কোটি মানুষের বিশ্বাস ও আধ্যাত্মিক অনুভূতির সঙ্গে জড়িত। তাঁর মতে, এই চরিত্রে অভিনয় করার ক্ষেত্রে শিল্পীর ব্যক্তিগত ভাবমূর্তি ও জনমানসে তাঁর গ্রহণযোগ্যতাও গুরুত্বপূর্ণ বিষয়।
নিকিতা রাওয়ালের বক্তব্য, “ভগবান রামের চরিত্র সাধারণ কোনও চরিত্র নয়। এর সঙ্গে অসংখ্য মানুষের বিশ্বাস ও ভক্তি জড়িয়ে রয়েছে। তাই এই চরিত্রে অভিনয় করার বিষয়টিকে অন্য ছবির চরিত্রের মতো দেখা যায় না।”
এরপরই তিনি রণবীর কপূরের একটি পুরনো সাক্ষাৎকারের প্রসঙ্গ তোলেন। সেই সাক্ষাৎকারে অভিনেতা নিজের খাবারের পছন্দ নিয়ে কথা বলতে গিয়ে গোমাংস খাওয়ার কথা উল্লেখ করেছিলেন। নিকিতার দাবি, যদি সেই মন্তব্যে কোনও মানুষের ধর্মীয় অনুভূতি আহত হয়ে থাকে, তাহলে প্রকাশ্যে দুঃখপ্রকাশ করা উচিত।
তিনি আরও বলেন, “যদি কেউ মনে করেন তাঁর মন্তব্যে মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে, তাহলে সামনে এসে নিজের বক্তব্য স্পষ্ট করা বা ক্ষমা চাওয়া ভুল নয়।”
রণবীরের রামের চরিত্রে অভিনয় নিয়েও আপত্তি জানিয়ে নিকিতা বলেন, তাঁর ব্যক্তিগত মত অনুযায়ী এই চরিত্রের জন্য রণবীর উপযুক্ত নন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ছবির নির্মাতারা মূলত বাণিজ্যিক দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর প্রশ্ন, ধর্মীয় অনুভূতির বিষয়টি নিয়েও কেন আলোচনা হচ্ছে না।
নিকিতা আরও দাবি করেন, রণবীর যদি বিষয়টি নিয়ে কোনও ব্যাখ্যা না দেন, তাহলে তিনি অভিনেতাকে বয়কট করার আহ্বান জানাতে পারেন। তাঁর বক্তব্য, “যদি তিনি মনে করেন কোনও ভুল হয়েছে, তাহলে ক্ষমা চাইতে পারেন। ক্ষমা চাওয়া দুর্বলতা নয়।”
উল্লেখ্য, ‘রামায়ণ’ ছবিতে রণবীর কপূরের অভিনয়ের ঘোষণা হওয়ার পর থেকেই তাঁর একটি পুরনো ভিডিও সামাজিক মাধ্যমে বারবার ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে নিজের খাদ্যাভ্যাস নিয়ে মন্তব্য করেছিলেন অভিনেতা। যদিও এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত রণবীর কপূর বা ‘রামায়ণ’ ছবির নির্মাতাদের পক্ষ থেকে নতুন কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি।



