সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে ‘অপারেশন সিঁদুর’ এক মাইলফলক—এমনই বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর দাবি, এই অভিযানে ফুটে উঠেছে নরেন্দ্র মোদি সরকারের দৃঢ় সংকল্প এবং ভারতীয় সেনাবাহিনীর অসামান্য বীরত্ব।
শনিবার দিল্লিতে ‘অপারেশন সিঁদুর’-এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং বলেন, এই অভিযান ভারতের সামরিক ইতিহাসে এক ‘সোনালি অধ্যায়’। তাঁর কথায়, “দেশ সবার আগে—এই নীতি আমরা বহুদিন ধরে শুনে আসছি। কিন্তু অপারেশন সিঁদুরের পর তা বাস্তব রূপ পেয়েছে।”


ভারতীয় সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, সেনার বীরত্ব শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয়—প্রাকৃতিক দুর্যোগ হোক বা মানবিক সঙ্কট, দেশে-বিদেশে সর্বদা প্রথম সারিতে থেকে সাহায্যের হাত বাড়ায় তারা।
প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁও-এ জঙ্গি হামলায় ২৬ জন নিরস্ত্র নাগরিক নিহত হন। অভিযোগ ওঠে, লস্করের ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার সঙ্গে যুক্ত। এর জবাবেই ৭ মে ভোরে শুরু হয় ‘অপারেশন সিঁদুর’।
এই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয় বলে দাবি ভারতের। পাল্টা পাকিস্তানের তরফে সীমান্তবর্তী এলাকায় হামলা চালানো হলে ভারতও জোরদার প্রতিরোধ গড়ে তোলে। সেনার প্রত্যাঘাতে পাকিস্তানের একাধিক বায়ুসেনা ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয় বলেও জানানো হয়।


সরকারি সূত্রে দাবি, এই অভিযানে বহু জঙ্গি এবং পাকিস্তানি সেনা নিহত হয়েছে। শেষ পর্যন্ত ইসলামাবাদ-এর অনুরোধে সংঘর্ষবিরতিতে সম্মত হয় নয়াদিল্লি।
সব মিলিয়ে, ‘অপারেশন সিঁদুর’কে সামনে রেখে আবারও সন্ত্রাসবাদবিরোধী অবস্থানে ভারতের কঠোর বার্তাই তুলে ধরলেন প্রতিরক্ষামন্ত্রী।







