রাজেশ শর্মার অসুস্থতাকে কেন্দ্র করে সরগরম চলচ্চিত্র মহল। সুপারস্টার প্রভাস অভিনীত আসন্ন ছবি ‘ফৌজি’-র শুটিং চলাকালীন হায়দরাবাদে বিষাক্ত পোকার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেতা। সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় কলকাতায় ফিরে তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর শুটিং সেটে নিরাপত্তা ও জরুরি চিকিৎসা ব্যবস্থার অভাব নিয়ে সরব হয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)।
জানা গিয়েছে, শুটিং চলাকালীন একটি বিষাক্ত পোকার কামড়ে আক্রান্ত হন রাজেশ শর্মা। প্রথমে ঘটনাটি তেমন গুরুতর বলে মনে না হলেও পরে সংক্রমণ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে। অভিনেতার প্রবল জ্বর, শ্বাসকষ্ট এবং শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় ফিরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গিয়েছে।
অভিনেতার অসুস্থতার খবর প্রথম প্রকাশ্যে আনেন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। তাঁর সমাজমাধ্যমের পোস্ট সামনে আসার পরই বিষয়টি নিয়ে বিবৃতি দেয় অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, হায়দরাবাদে শুটিং চলাকালীন অভিনেতার শারীরিক অবস্থার অবনতি শুরু হওয়ার পরও কেন তাঁকে সেখানকার কোনও উন্নত হাসপাতালে ভর্তি করা হয়নি? কেন অসুস্থ অবস্থাতেই তাঁকে কলকাতায় ফিরিয়ে আনা হল?
সংগঠনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তা এক বিবৃতিতে বলেন, এই ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া প্রয়োজন। তাঁর দাবি, শুটিং সেটে জরুরি চিকিৎসা পরিষেবা, চিকিৎসক, অ্যাম্বুল্যান্স এবং প্রয়োজনীয় স্বাস্থ্য ও নিরাপত্তা প্রোটোকল ছিল কি না, তা খতিয়ে দেখা উচিত।

এই ঘটনায় তেলঙ্গানার মুখ্যমন্ত্রী এ. রেবন্ত রেড্ডির কাছেও আবেদন জানিয়েছে AICWA। সংগঠনের দাবি, গোটা ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হোক এবং যেসব প্রযোজনা সংস্থা শুটিং সেটে শিল্পী ও কর্মীদের ন্যূনতম স্বাস্থ্য ও নিরাপত্তা বিধি মানে না, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক।
পাশাপাশি, AICWA আরও দাবি করেছে, রাজেশ শর্মার চিকিৎসার সমস্ত ব্যয় ‘ফৌজি’ ছবির প্রযোজক ও প্রযোজনা সংস্থাকেই বহন করতে হবে। কারণ, শুটিং চলাকালীন কর্মক্ষেত্রে এই দুর্ঘটনা ঘটেছে বলে তাদের দাবি।
উল্লেখ্য, ‘তনু ওয়েডস মনু রিটার্নস’, ‘এম. এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-সহ একাধিক জনপ্রিয় হিন্দি ও বাংলা ছবিতে অভিনয়ের মাধ্যমে রাজেশ শর্মা দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত মুখ। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগী থেকে চলচ্চিত্র জগতের বহু মানুষ।
তবে এই অভিযোগ এবং AICWA-র বিবৃতির পরও ‘ফৌজি’ ছবির নির্মাতা বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ফলে শুটিং সেটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিতর্ক আরও জোরালো হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।



