আগুনে পুড়ল রাজধানী এক্সপ্রেসের দু’টি কামরা, অল্পের জন্য রক্ষা পেল ৬৮ যাত্রী

কেরল থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে ভোররাতে ভয়াবহ আগুন, মধ্যপ্রদেশের কাছে পুড়ে গেল দু’টি কামরা। দ্রুত উদ্ধার হওয়ায় প্রাণহানি এড়াল রেল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কেরল থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রবিবার ভোরে আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। মধ্যপ্রদেশের কাছে চলন্ত ট্রেনের একটি এসি কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখেই সতর্ক হন গার্ড। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও একটি কামরায়। দ্রুত ট্রেন থামিয়ে যাত্রীদের নামিয়ে আনার ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। রেল সূত্রের দাবি, সময়মতো ব্যবস্থা না নিলে প্রাণহানির আশঙ্কা ছিল প্রবল।

রবিবার ভোর সওয়া ৫টা নাগাদ ১২৪৩১ তিরুঅনন্তপুরম-হজ়রত নিজ়ামউদ্দিন রাজধানী এক্সপ্রেসে আগুন লাগে। ঘটনাটি ঘটে কোটা রেল ডিভিশনের লুনি ও আলট স্টেশনের মাঝামাঝি এলাকায়। প্রথমে বি-১ কোচে আগুনের সূত্রপাত হয় বলে জানা গিয়েছে। পরে সেই আগুন পাশের আরও একটি কামরায় ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রের খবর, দু’টি কামরাই সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

রেলের গার্ড প্রথম ধোঁয়া দেখতে পান এবং সঙ্গে সঙ্গে লোকো পাইলটকে সতর্ক করেন। এরপরই জরুরি ভিত্তিতে ট্রেন থামানো হয়। বি-১ কোচে থাকা ৬৮ জন যাত্রীকে দ্রুত নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে অন্যান্য কামরার যাত্রীদেরও সতর্ক করা হয়। ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একাধিক ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন ছড়িয়ে পড়া আটকাতে ক্ষতিগ্রস্ত দুই কামরাকে ট্রেন থেকে আলাদা করে দেওয়া হয়। পরে ওই কামরার যাত্রীদের অন্য কোচে স্থানান্তর করা হয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটিকে কোটা পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে অতিরিক্ত কামরা জুড়ে যাত্রীদের দিল্লির উদ্দেশে ফের রওনা করানো হবে।

কোটা রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবীন্দ্র লাকড়া জানিয়েছেন, “সমস্ত যাত্রী নিরাপদে রয়েছেন। কারও কোনও শারীরিক ক্ষতি হয়নি।” যদিও ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিটের সম্ভাবনার কথা মনে করা হচ্ছে। ঘটনার পরপরই রেলের ওভারহেড বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন