নতুন মরশুমের আগে বড় চমক দিল রাজস্থান রয়্যালস। IPL নিলাম সামনে রেখে একাধিক দলে অদলবদল চললেও সবচেয়ে আলোচিত পদক্ষেপ হল রাজস্থান রয়্যালসের নতুন কোচ ঘোষণার সিদ্ধান্ত। শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা ফের ফিরে এলেন RR–এর হেড কোচের ভূমিকায়, রাহুল দ্রাবিড়ের পদত্যাগের পরেই আনুষ্ঠানিক ঘোষণা করল ফ্র্যাঞ্চাইজি।
গত অগস্টে রাজস্থান শিবির ছাড়েন রাহুল দ্রাবিড়। সেই ফাঁকা জায়গায় ফের দায়িত্বভার দেওয়া হল সাঙ্গাকারাকে, যিনি ২০২১ থেকে দলের ক্রিকেট ডিরেক্টর পদে ছিলেন। রাজস্থান রয়্যালসের নতুন কোচ হিসেবে তাঁকে আবারও দেখা যাবে মাঠের পাশে, ঠিক যেমন দেখা গিয়েছিল ২০২১ থেকে ২০২4 পর্যন্ত তাঁর প্রথম মেয়াদে।


RR শিবির জানিয়েছে, ক্রিকেট ডিরেক্টরের ভূমিকা থেকেও সরে যেতে হচ্ছে না সাঙ্গাকারাকে। অর্থাৎ জোড়া দায়িত্ব সামলিয়ে দলকে নতুন দিশা দেখাবেন তিনি। প্রথম মেয়াদে তাঁর কোচিংয়ে দু’বার প্লে-অফে উঠেছিল রাজস্থান। তবে গত মরশুমে দ্রাবিড়ের অধীনে পারফরম্যান্স আশানুরূপ হয়নি। তাই আবারও অভিজ্ঞ সাঙ্গাকারার উপরই ভরসা রাখল ফ্র্যাঞ্চাইজি।
নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত কোচ। তিনি জানালেন, “আমাদের লক্ষ্য একই। আমরা IPL জিততেই চাই এবং তা বদলায়নি। আমার কাছে প্লেয়ারদের সঙ্গে স্বচ্ছ যোগাযোগ রাখা খুব গুরুত্বপূর্ণ। বাইরে থেকে পরিস্থিতি যেভাবেই দেখা যাক, মাঠের ভিতরে প্রতিটি ম্যাচ আলাদা এবং নতুন।”
রাজস্থান রয়্যালসের নতুন কোচ ঘোষণার পাশাপাশি দলের কোচিং স্টাফেও এসেছে বেশ কিছু পরিবর্তন। নিলামের আগে জাডেজাকে ট্রেডে পাওয়ায় আলোড়ন সৃষ্টি করেছে RR। ফলে দলের কাঠামো এবং নেতৃত্ব—দুটোতেই বড়সড় বদল আসছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।


তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনো রয়ে গেছে—সঞ্জু স্যামসন দল ছেড়ে দেওয়ার পর নতুন অধিনায়ক কে হবেন? RR সমর্থক এবং বিশ্লেষকদের নজর এখন সেই দিকেই। সাঙ্গাকারার অভিজ্ঞতা এবং নেতৃত্বে দল কতটা সঠিক পথে এগোতে পারে, তা নিয়েও চলছে জোর আলোচনা।
রাজস্থান রয়্যালসের নতুন কোচ হিসেবে সাঙ্গাকারার প্রত্যাবর্তন দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলেই মনে করছে রাজস্থানের ক্রিকেটমহল। তাঁর আন্তর্জাতিক অভিজ্ঞতা, শান্ত মাথা এবং কৌশলগত দক্ষতা রাজস্থানকে আবারও প্লে-অফে তোলার মতো শক্তিশালী করে তুলতে পারে বলে দাবি সমর্থকদের একাংশের।
IPL 2025 নিলামের আগে ফ্র্যাঞ্চাইজির এই বড় ঘোষণা নিঃসন্দেহে আগামী মরশুমের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
রাজস্থান এখন নতুন পথে হাঁটতে প্রস্তুত।








