নজরবন্দি ব্যুরো: রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহ চলছে। তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছুঁয়েছে। চলতি সপ্তাহে এমনই অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেরিতে প্রবেশ করবে বর্ষা। তবে স্বস্তির বৃষ্টির দেখা কি মিলবে না? এই সংক্রান্ত একটি বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। শনিবারের পর থেকেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে বঙ্গে।
আরও পড়ুন: আবহাওয়ার উন্নতির কোনও সম্ভাবনা এখনই নেই, কি বলছে হাওয়া অফিস
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার, ১১ জুন বাংলার ৯ জেলায় বৃষ্টির আশা রয়েছে। রবিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেরলে আসতে চলেছে বর্ষা। এরফলে উত্তর-পূর্ব ভারতেও বর্ষার বৃষ্টি শুরু হবে। রবিবার থেকেই উত্তরবঙ্গে আবহাওয়ার উন্নতি দেখা যাবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার- উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহ চলছে। কলকাতা, দুই চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় লু-এর সতর্কতা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের পরিস্থিতি কি হবে তা এখনও স্পষ্টভাবে জানাতে পারেনি আবহাওয়া দফতর। শনিবার পর্যন্ত রাজ্যের ১৩ জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গরমের অস্বস্তি থেকে এখনই রেহাই মিলবে না। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা জানানো হলেও এই সপ্তাহজুড়ে দাবদাহের পরিস্থিতি বজায় থাকবে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার অর্থাৎ ১০ জুন পর্যন্ত রাজ্যর একাধিক জেলায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আগামী কয়েকদিন রাজ্যের পাঁচ জেলায় তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে। কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। পশ্চিম জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে পাশাপাশি লু-এর সতর্কতা রয়েছে। চলতি সপ্তাহের শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনার কয়েকটি এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবার থেকে হাওয়া বদলের আশা, রয়েছে বৃষ্টির পূর্বাভাস




