আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় শোকপ্রকাশ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশজুড়ে নিন্দার ঝড় উঠছে। প্রতিবাদে নেমেছেন চিকিৎসক মহল। বাংলার একাধিক মেডিক্যাল কলেজে কর্মবিরতির ডাক দিয়েছেন ডাক্তাররা। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ার।
প্রিয়াঙ্কা গান্ধী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘আরজি কর মেডিক্যাল কলেজে এক জন শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা দেশে একটি বড় সমস্যা এবং এই সমস্যা সমাধানের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। আমি রাজ্য সরকারের কাছে এই বিষয়ে দ্রুত এবং কঠোরতম পদক্ষেপ করার এবং ঘটনার শিকার ওই চিকিৎসকের পরিবার এবং তাঁর সহকর্মী চিকিৎসকদের ন্যায়বিচারের দাবি নিশ্চিত করার জন্য আবেদন করছি।’’
শুক্রবার রাতে আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার হল থেকে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের পর জানা যায়, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। শহরের অন্যতম প্রসিদ্ধ হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক মহল। চলছে তদন্ত। এই ঘটনায় কারা জড়িত তা জানার চেষ্টা চলছে। রবিবারের মধ্যে তদন্তের নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



