ওষুধ কেনার নিয়মে বড় পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রেসক্রিপশন ছাড়া আর কোনও ধরনের সিরাপ কেনা যাবে না ওষুধের দোকান থেকে। কাশির সিরাপ-সহ বিভিন্ন সিরাপজাত ওষুধ কিনতে এখন থেকে বাধ্যতামূলকভাবে নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাতে হবে।
মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সরকারের দাবি, ওষুধের অপব্যবহার রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ‘ড্রাগস (পঞ্চম সংশোধন) নিয়ম, ২০২৬’-এর আওতায় গত জুন মাসেই সংশ্লিষ্ট নির্দেশিকা প্রকাশ করা হয়েছিল। সেখানে স্পষ্ট জানানো হয়েছিল, সরকারি গেজেটে প্রকাশের দিন থেকেই নতুন নিয়ম কার্যকর হবে।
নতুন বিধি অনুসারে, প্রেসক্রিপশনভিত্তিক সিরাপ বিক্রির ক্ষেত্রে ওষুধের দোকানগুলিকেও অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। কোনও গ্রাহক বৈধ প্রেসক্রিপশন ছাড়া সিরাপ কিনতে চাইলে তা বিক্রি করা যাবে না।
বিশেষভাবে কাশির সিরাপের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হওয়ায় সাধারণ মানুষের উপর সরাসরি প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এতদিন অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই কাশির সিরাপ কিনে ব্যবহার করতেন। নতুন নিয়মে সেই সুযোগ আর থাকছে না।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশের মতে, প্রেসক্রিপশন ছাড়া ওষুধ ব্যবহারের প্রবণতা কমাতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ হতে পারে। অন্যদিকে, জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়তে পারে কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
কেন্দ্রের নতুন নির্দেশিকা কার্যকর হওয়ার ফলে এখন থেকে সিরাপজাত ওষুধ কেনার আগে চিকিৎসকের পরামর্শ এবং বৈধ প্রেসক্রিপশন সঙ্গে রাখা বাধ্যতামূলক হয়ে গেল।



