সন্ন্যাস নেবেন না, নীতীশের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ, নতুন দাবি পিকের

বিহার নির্বাচনে জেডিইউ-র বিপুল জয়ের পর সরব প্রশান্ত কিশোর, বললেন—জন সুরজ হেরেছে ঠিকই, কিন্তু ভোট কেনা হয়েছে সরকারি প্রকল্পের নগদ বিলির মাধ্যমে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিহার ভোটে জেডিইউ ২৫টির বেশি আসন পেলে তিনি সন্ন্যাস নেবেন—এ কথা আগেই জানিয়েছিলেন প্রশান্ত কিশোর। কিন্তু ফলপ্রকাশে দেখা গেল, এনডিএ জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং জেডিইউ একাই পেয়েছে ৮৫টি আসন। অন্যদিকে পিকের নবগঠিত জন সুরজ পার্টি কোনও আসনই পায়নি। এই রাজনৈতিক পরাজয়ের পরও প্রশান্ত কিশোর নতুন অভিযোগ তুলে বিহারের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিলেন। আর সেখানেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল তাঁর দাবি—নীতীশ কুমার টাকা দিয়ে ভোট কিনেছেন

প্রশান্ত কিশোর জানান, তিনি দলের কোনও রাজনৈতিক পদে নেই, ফলে পদত্যাগের প্রশ্নই নেই। তিনি আরও বলেন, জন সুরজের পরাজয় মানলেও তিনি বিহারে থেকে মানুষের সঙ্গে কাজ চালিয়ে যাবেন। সাফ ভাষায় দাবি করেন, তাঁর পূর্বাভাসের অর্ধেকটাই সত্য হয়েছে—জন সুরজ হয় একেবারে শীর্ষে, নয়তো একেবারে নিচে থাকবে। শেষ পর্যন্ত দ্বিতীয়টিই সত্যি হলো।

নিজেকে ব্যঙ্গ করেও তিনি বলেন, ভোটে হারলেও সন্ন্যাস নয়, বরং আরও সক্রিয়ভাবে জনমুখী রাজনৈতিক অভিযান চালাবেন তিনি। কিন্তু এরপরই তাঁর অভিযোগের নিশানায় উঠে আসে জেডিইউ এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

প্রশান্ত কিশোরের দাবি মতে, ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’য় ভোটের আগে প্রতিটি মহিলাকে ১০,০০০ টাকা করে দেওয়াই ছিল ভোট কেনার প্রধান অস্ত্র। তাঁর কথায়, সরকারি প্রকল্পের নামে নগদ অর্থ বিলি করে নির্বাচনী সুবিধা নেওয়া হয়েছে।

পিকে আরও চ্যালেঞ্জ ছুড়ে বলেন, যদি সরকার প্রকল্পের শর্ত অনুযায়ী নির্বাচনের ছয় মাস পর প্রতিটি মহিলাকে ২ লাখ টাকা করে দেয়, তবে তিনি রাজনীতি এবং বিহার—দুটোই ছেড়ে দেবেন। তাঁর ভাষায়, প্রকল্পের আসল উদ্দেশ্য ছিল ভোট কেনা, স্বনির্ভরতা নয়।

এই ভরাডুবির দায় নিয়ে তিনি বলেন, জন সুরজ সততার সঙ্গে লড়াই করেছে, কিন্তু মানুষের বিশ্বাস অর্জন করতে পারেনি। সেই দায়িত্ব তিনি স্বীকার করছেন। উল্লেখযোগ্যভাবে, জন সুরজ ২৩৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও ২৩৬টিতেই তাঁদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তবু ভোট শতাংশের বিচারে জন সুরজ পেয়েছে ৩.৪ শতাংশ, যা বিএসপি, সিপিআই-এমএল বা মিমের মতো দলগুলির চেয়েও বেশি।

এই নির্বাচনে জনগণের রায় স্পষ্ট হলেও অভিযোগ-প্রত্যাঘাতের রাজনীতি আবারও নতুন গতি পেয়েছে। এখন দেখার বিষয়, প্রশান্ত কিশোরের নতুন চ্যালেঞ্জ এবং অভিযোগের বিরুদ্ধে নীতীশ কুমার কী প্রতিক্রিয়া দেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন