প্রয়াত হয়েছেন সীতারাম ইয়েচুরি। ফলে, সিপিআইএমের সাধারণ সম্পাদকের পদটি আপাতত ফাঁকা। শুক্র ও শনিবার ছিল পলিটব্যুরো বৈঠক। অবশেষে আজ, রবিবার পলিটব্যুরোর প্রস্তাব অনুযায়ী বামেদের কেন্দ্রীয় কমিটি জানিয়ে দিল, আপাতত পলিটব্যুরোর অন্তর্বর্তীকালীন কো-অর্ডিনেটরের দায়িত্ব পাচ্ছেন প্রকাশ কারাট। অর্থাৎ, ইয়েচুরির পদটি খালিই থাকল।
জানা যাচ্ছে, প্রকাশ কারাটই এ কে গোপালন ভবন থেকে পলিটব্যুরোর বাকি সকলের সঙ্গে সমন্বয়ের কাজ করবেন। রবিবারের পর সোমবারও কেন্দ্রীয় কমিটির বৈঠক হবে। এই প্রথম সিপিআইএমের কোনও সাধারণ সম্পাদক পদে বহাল থাকাকালীন প্রয়াত হয়েছেন। এমত পরিস্থিতিতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়োগের ব্যবস্থা লাল পার্টির দলীয় সংবিধানে নেই। আগামী বছর, অর্থাৎ ২০২৫ সালের এপ্রিল মাসে মাদুরাই-তে সিপিআইএমের পার্টি কংগ্রেস বসবে। সেই সময় নির্বাচিত করা হবে নতুন সাধারণ সম্পাদক।


বিগত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল প্রকাশ করাটকেই সমন্বয় কমিটির দায়িত্ব দেওয়া হতে পারে। অবশেষে সমস্ত জল্পনার অবসান। প্রকাশ করাটিই পলিটব্যুরোর দায়িত্ব পেলেন। আজ দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে সীতারাম ইয়েচুরির স্মরণসভায় শোকপ্রস্তাব পাঠের সময় কেঁদে ফেলেন প্রকাশ এবং তাঁর স্ত্রী বৃন্দা কারাট। উল্লেখ্য, ৫০ বছর একসঙ্গে পার্টি করেছেন সীতারাম ইয়েচুরি ও প্রকাশ কারাট।
এখন আগামী দিনে সিপিআইএমের নতুন সাধারণ সম্পাদক কে হতে পারেন তা নিয়ে দলের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী ৭৫ বছরের বেশি বয়সিরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। সেই কারণে সরে দাঁড়াতে হবে প্রকাশ কারাট, বৃন্দা কারাট, মানিক সরকার, পিনারাই বিজয়নদের। সূত্রের খবর, সাধারণ সম্পাদকের দৌড়ে রয়েছেন এম এ বেবি, বি ভি রাঘাভুলু, এ বিজয়রাঘবনরা।









