তিন শর্তে ভারত-ম্যাচে রাজি পাকিস্তান? লাহৌরে ম্যারাথন বৈঠক, ২৪ ঘণ্টায় বড় সিদ্ধান্তের ইঙ্গিত

আইসিসির বৈঠকের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের সুর কিছুটা নরম। তিন শর্তে ভারত ম্যাচে রাজি হওয়ার ইঙ্গিত, ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে নকভিরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে দীর্ঘ টানাপোড়েনের মাঝেই পরিস্থিতি যেন কিছুটা নরম হচ্ছে। আইসিসির সঙ্গে বৈঠকের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের সুরে বদল দেখা গিয়েছে। তবে পুরোপুরি সবুজ সঙ্কেত নয়—তিনটি শর্তের ভিত্তিতেই বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে রাজি হতে পারে পাকিস্তান। ফলে আগামী ২৪ ঘণ্টাই নির্ধারণ করতে পারে এই বহুচর্চিত ম্যাচের ভবিষ্যৎ।

রবিবার আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খোয়াজা ও সহযোগী সদস্য দেশের প্রতিনিধি মুবাশির উসমানি লাহৌরে পৌঁছন। গদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলামও। আইসিসির বৈঠকের আগে নকভি তাঁর সঙ্গেও আলাদা করে আলোচনা করেন।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বৈঠকে পিসিবির অন্দরে মতভেদ স্পষ্ট হয়ে ওঠে। কয়েকজন কর্তা সরাসরি জানান, তাঁরা বিশ্বকাপে ভারত–পাক ম্যাচ চান। কিন্তু বোর্ড প্রধান মহসিন নকভি আগের অবস্থানেই অনড় ছিলেন এবং ম্যাচের আগে আইসিসির কাছে তিনটি শর্ত রেখেছেন।

আইসিসির প্রতিনিধিরা বৈঠকে স্পষ্ট করে দেন, ভারত ম্যাচ বয়কট করলে পাকিস্তানকে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। এমনকি আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসনের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও পাকিস্তানকে সতর্ক করে জানায়, ম্যাচ না হলে তাদেরও আর্থিক ক্ষতি হবে। অতীতে পাকিস্তানে জঙ্গি হামলার ঘটনার পরেও শ্রীলঙ্কা যে পাশে দাঁড়িয়েছিল, সে কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়।

এই পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আলোচনা করতে চান নকভি। আইসিসির কাছে কিছুটা সময়ও চাওয়া হয়েছে। জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বোর্ড নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারে। তার আগে একটি সাংবাদিক বৈঠক করে অবস্থান জানাতে পারেন নকভি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন