এই ৬ শহর থেকে ওড়া কোন বিমান নামবে না রাজ্যে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতে করোনা ভাইরাসের প্রকোপ নিরন্তর বেড়ে চলেছে। বাড়ছে বাংলাতেও। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার সবচেয়ে ক্ষতিগ্রস্থ ছয়টি শহরের উড়ানের ওঠা-নামার উপর নিষেধাজ্ঞা জারি করল। শুক্রবার রাজ্য সরকার ঘোষণা করেছে- দিল্লি, মুম্বই, পুনে, চেন্নাই, নাগপুর এবং আহমেদাবাদ থেকে আসা ফ্লাইট নামবে না বাংলার কোনও বিমানবন্দরে।

প্রথমে ৬ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত দেশের ছয় শহর থেকে কলকাতাগামী সমস্ত বিমান বাতিল করা হয়েছিল। কিন্তু রাজ্য সহ গোটা দেশে করোনা পরিস্থিতি যেভাবে বাড়ছে, তা মাথায় রেখে এই নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন ধরেই বলছিলেন যে, কয়েকটি শহর থেকে যদি কলকাতায় বিমান না আসে তাহলে ভাল হয়।

কয়েক সপ্তাহ আগেই একটি ঘটনা ঘটেছিল। চেন্নাই থেকে দু’জন করোনা পজিটিভ রোগী দিব্যি প্লেনে চেপে কলকাতায় এসে নামেন। তাঁরা মেদিনীপুরের বাসিন্দা। তারপর পাঁশকুড়ার বড় মা হাসপাতালে গিয়ে বলেন তাঁরা পজিটিভ। তাঁদের শরীরে সংক্রমণ আছে জেনেও তাঁরা ফেরায় ক্ষোভ শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর গলায়। এর আগে কর্ণাটক ও তামিলনাড়ু এই পরিষেবায় নিয়ম জারি করেছিল। যেসব জায়গায় সংক্রমণের হার বেশি, সেখান থেকে বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয় ওই দুই রাজ্য প্রশাসনের তরফে।

বাংলায় একদিনে আক্রান্তের সংখ্যার সব রেকর্ড ভেঙে দিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ১,৯০০ জন। এটাই রাজ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। প্রসঙ্গত, দেশজুড়ে লকডাউন পরিস্থিতির পর গত ২৫ মে থেকে ভারতে চালু হয়েছিল অন্তর্দেশীয় বিমান পরিষেবা। আজ থেকে আমেরিকা ও ফ্রান্সের সঙ্গে শর্তসাপেক্ষে আন্তর্জাতিক উড়ান শুরু করেছে ভারত। উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ৩৮,০১৯। এখনও পর্যন্ত মৃত্যু ১০৪৯ জনের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত