দু’দশকের দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের অবসান। বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার, যার ফলে রাজ্যের রাজনীতিতে শুরু হয়েছে নতুন জল্পনা—এবার মসনদে বসবেন কে?
মঙ্গলবার পাটনার লোক ভবনে গিয়ে রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন-এর হাতে ইস্তফাপত্র জমা দেন নীতীশ। একইসঙ্গে মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সুপারিশও করেন তিনি। তাঁর এই পদক্ষেপে প্রায় ২০ বছরের ধারাবাহিক শাসনের ইতি ঘটল।


ইস্তফার পর নিজের বার্তায় নীতীশ কুমার ২০০৫ সাল থেকে শুরু হওয়া তাঁর শাসনকালের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ এবং সামাজিক ন্যায়—সব ক্ষেত্রেই কাজের দাবি করেন তিনি। পাশাপাশি জানান, নতুন সরকারও এই উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাবে।
এখন প্রশ্ন—বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে? রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, বর্তমান উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী-ই হতে পারেন নতুন মুখ। গত কয়েক বছরে বিজেপির গুরুত্বপূর্ণ মুখ হিসেবে উঠে এসেছেন তিনি এবং দলীয় নেতৃত্বের ভরসাও অর্জন করেছেন।
এই প্রক্রিয়া তদারকির জন্য বিজেপি কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে শিবরাজ সিং চৌহান-কে। সরকার গঠন ও নেতৃত্ব নির্বাচন—পুরো প্রক্রিয়ায় তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে।


যদিও একসময় নীতীশ-পুত্র নিশান্ত কুমারের নামও আলোচনায় এসেছিল, তবে তা এখন অনেকটাই ম্লান। বরং সম্রাট চৌধুরীর নামই সবচেয়ে জোরালো হয়ে উঠেছে। শোনা যাচ্ছে, নতুন সমীকরণে নিশান্তকে উপমুখ্যমন্ত্রী করা হতে পারে।
স্বাধীনতার পর এই প্রথম বিহারে বিজেপির কোনও নেতা মুখ্যমন্ত্রী হতে পারেন—এমন সম্ভাবনাও জোরদার হয়েছে। ফলে রাজ্যের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট।








