মস্কা ব্রাদার্সের ঝড়ে ইতিহাস! বিশ্বকাপে নেপালকে উড়িয়ে প্রথম জয় ইতালির

টি–টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার খেলেই ইতিহাস ইতালির। মস্কা ভাইদের সেঞ্চুরি জুটিতে নেপালকে ১০ উইকেটে হারিয়ে প্রথম জয় আজ্জুরিদের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফুটবলের দেশ ইতালি এ বার নজর কাড়ল ক্রিকেটের মঞ্চেও। টি–টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই দাপুটে পারফরম্যান্স দেখাল আজ্জুরিরা। নেপালের বিরুদ্ধে ১০ উইকেটে বিশাল জয় তুলে নিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল ইতালি, আর সেই জয়ের নায়ক দুই ভাই—অ্যান্থনি ও জাস্টিন মস্কা।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইতালির অধিনায়ক হ্যারি মানেন্তি। শুরু থেকেই নিয়ন্ত্রণে রাখেন ইতালির বোলাররা। নিয়মিত উইকেট হারাতে থাকায় বড় জুটি গড়তে পারেনি নেপাল।

Shamim Ahamed Ads

নেপালের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন আরিফ শেইখ। কিছুটা প্রতিরোধ গড়েন অধিনায়ক রোহিত পাউদেল (২৩) ও আসিফ শেইখ (২০)। কিন্তু ইতালির বোলিং আক্রমণের সামনে সেই লড়াই টেকেনি। ক্রিশান কালুগামাগে তিনটি উইকেট নেন, আর বেঞ্জামিন মানেন্তি চার ওভারে মাত্র ৯ রান দিয়ে দু’টি উইকেট তুলে নেন। ১৯.৩ ওভারে ১২৩ রানে অলআউট হয়ে যায় নেপাল।

১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন দুই ওপেনার অ্যান্থনি মস্কা ও জাস্টিন মস্কা। কোনও উইকেট না হারিয়েই ম্যাচ শেষ করে দেন তাঁরা। মাত্র ১২.৪ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ইতালি।

অ্যান্থনি ৩২ বলে ৬২ রানে অপরাজিত থাকেন, অন্যদিকে জাস্টিন ৪৪ বলে ৬০ রান করেন। তাঁদের এই শতরানের ওপেনিং জুটি বিশ্বকাপের ইতিহাসে দুই ভাইয়ের মধ্যে সর্বোচ্চ রানের পার্টনারশিপ হিসেবে নথিভুক্ত হয়েছে।

এই জয়ের ফলে ইতালি প্রথমবার বিশ্বকাপ মঞ্চে জয় পেল, আর নেপালের জন্য অপেক্ষা আরও দীর্ঘ হল—বিশ্বকাপে প্রথম জয়ের স্বপ্ন এখনও অধরাই রইল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত