কোন বিশ্বনেতা অপারেশন সিঁদুর থামানোর কথা বলেননি, সংসদে সাফ জানালেন PM মোদী

বিশ্বনেতাদের চাপ নয়, পাকিস্তানের অনুরোধেই থেমেছে যুদ্ধ—অপারেশন সিঁদুর নিয়ে সংসদে সরব প্রধানমন্ত্রী, ট্রাম্পকেও দিলেন কড়া জবাব।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সংসদে স্পষ্ট জানালেন, অপারেশন সিঁদুর থামাতে কোনও বিশ্বনেতা বা তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করেনি। বরং যুদ্ধ থামানোর আর্জি এসেছিল পাকিস্তান থেকেই। মোদি বলেন, ‘‘পাকিস্তান ভেবেছিল বড় হামলা চালাবে, আমি জবাবে বলেছিলাম—ইটের বদলে পাটকেল পাবেন।’’

এই বক্তব্যের মাধ্যমে মোদি কার্যত নস্যাৎ করেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই দাবি, যেখানে তিনি বলেন যে, তাঁর মধ্যস্থতাতেই ভারত-পাক যুদ্ধ থেমে গিয়েছিল।

মোদির বক্তব্য: যুদ্ধ থামানোর পিছনে আমেরিকা নেই

প্রধানমন্ত্রী বলেন, ৯ মে আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভান্স তাঁকে ফোন করেন একাধিকবার। তিনি তখন সেনার সঙ্গে ছিলেন বলে ফোন ধরতে পারেননি। পরে ফোন করে মোদি বলেন, “পাকিস্তান হামলা করলে তাদের চরম মূল্য দিতে হবে।’’ মোদি স্পষ্ট জানান, পাকিস্তানের কাতর আর্জিতে থেমেছিল ভারত, কোনও তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করেনি।

বিরোধীদের কটাক্ষ ও পাকিস্তানের প্রচার প্রসঙ্গে কড়া ভাষায় মোদি

মোদি বলেন, “বিরোধীরা সেনার তথ্য নয়, পাকিস্তানের কথা প্রচার করে। নিরীহদের রক্তে রাজনীতি করেছে কংগ্রেস।” তিনি অভিযোগ করেন, কংগ্রেস ও কিছু বিরোধী দল ভারতের ক্ষমতা নিয়ে আন্তর্জাতিক স্তরে প্রশ্ন তুলেছে। প্রধানমন্ত্রী আরও জানান, ‘‘আমরা সিঁদুর থেকে সিন্ধু অবধি জবাব দিয়েছি। মেড ইন ইন্ডিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাকিস্তানকে চূর্ণ করেছে। পাকিস্তানের পরমাণু হুমকিও কাজে আসেনি।’’

পহেলগাঁও হামলার বদলা: অপারেশন মহাদেব

প্রসঙ্গত, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত হন ২৫ জন ভারতীয় পর্যটক ও এক স্থানীয় বাসিন্দা। এরপরই শুরু হয় ভারতীয় সেনার জবাবি অভিযান—অপারেশন সিঁদুর। যদিও হামলার মূল জঙ্গিদের খোঁজ মেলেনি বলে অভিযোগ উঠেছিল কংগ্রেসের পক্ষ থেকে। কংগ্রেস নেতা পি চিদাম্বরম প্রশ্ন তোলেন, সত্যিই কি পহেলগাঁও হামলার পিছনে পাক যোগ ছিল?

তবে সেই দাবি খণ্ডন করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে জানান, অপারেশন মহাদেব-এর মাধ্যমে নিহত হয়েছে পহেলগাঁও হামলার তিন জঙ্গি। উদ্ধার হয়েছে পাকিস্তানি ভোটার কার্ড, পর্যটক হত্যায় ব্যবহৃত অস্ত্রও।

পাকিস্তানের ভেতরে ঢুকে আঘাত: অপারেশন সিঁদুরের সাফল্য

প্রধানমন্ত্রী মোদি দাবি করেন, “৬-৭ জুন ভারত আঘাত হানে, আর পাকিস্তান কিছুই করতে পারেনি। সেনা ঢুকে গিয়েছে পাক ভূখণ্ডে, ধ্বংস করেছে জঙ্গিঘাঁটি। পাকিস্তানের যুদ্ধক্ষমতা এখন আইসিইউতে।” তিনি আরও বলেন, অপারেশন সিঁদুর আসলে ভারতের আত্মনির্ভরতার জয়। সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল এবং তারা অসম সাহসে জঙ্গিদের শেষ করেছে।

সংসদে মোদির বক্তব্যে স্পষ্ট, অপারেশন সিঁদুর কোনও তৃতীয় পক্ষের চাপে থামেনি, বরং পাকিস্তানের পরাজয়ের পর তাদের অনুরোধেই যুদ্ধ বন্ধ হয়। মোদি নিজের ভাষণে জাতির সামনে তুলে ধরেন, কীভাবে ভারতীয় সেনা নিজস্ব প্রযুক্তি ও ক্ষমতায় পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে। পাশাপাশি বিরোধীদেরও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত