নজরবন্দি ব্যুরোঃ আত্মহত্যাই করেছেন হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়। ময়নাতদন্তের রিপোর্টে সে কথাই বলা হল। মঙ্গলবার ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসে জেলা প্রশাসনের। যে রিপোর্টে স্পষ্টভাবেই বলা হয়েছে, দেবেন্দ্রনাথের শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। তাঁর মাথায় কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
সোমবারই বাড়ি থেকে মাত্র দেড় কিমি দূরে বাজারে একটি দোকানের সামনেই ঝুলন্ত দেহ উদ্ধার হয় বিজেপি বিধায়কের। পরিবার ও দলের তরফে অভিযোগ করা হয়েছে, তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যদিও গতকালই পুলিশের তরফে জানানো হয়েছিল তাঁর পকেটে সুইসাইড নোট মিলেছে। পুরো ঘটনায় তোলপাড় হয় রাজ্য রাজনীতি।
বিজেপি খুনের তত্ত্বে অনড়।ফাঁসের ধরন দেখে চিকিত্সকদের অনুমান নিজেই সেই ফাঁস লাগিয়েছেন ব্যক্তি।তবে এই মিয়নাতদন্তের ভিডিওগ্রাফি হয়েছে কি না,তা স্পষ্ট হয় নি।বিজেপি নেতা রাহুল সিনহার দাবি “সরকারের চাপের মুখে এই ধরনের রিপোর্ট দেন চিকিত্সকরা।আমরা এই রিপোর্ট মানি না।আমরা চাই সিবিআই তদন্ত হলে,সত্য ঘটনা উদ্ঘাটিত হবে”।
অন্যদিকে আজই ঘটনার সিবিআই তদন্তের দাবিতে রাষ্ট্রপতির কাছে দরবার করেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব।কৈলাশ বিজয়বর্গীর নেতৃত্বে একটি প্রতিনিধ দলে রাষ্ট্রপতি ভবনে গিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে নালিশ জানায়।



