সৌদিতে মিসাইল হামলা, ভারতীয়র মৃত্যুর গুজব ঘিরে বিভ্রান্তি—হাসপাতালে গিয়ে আহত ভারতীয়র খোঁজ নিল দূতাবাস

সৌদি আরবে মিসাইল হামলার পর প্রথমে ভারতীয় নাগরিকের মৃত্যুর খবর ছড়ালেও পরে তা সংশোধন করা হয়। হামলায় আহত এক ভারতীয়র সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেন দূতাবাসের আধিকারিকরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পশ্চিম এশিয়ায় চলতে থাকা তীব্র সংঘাতের মাঝেই সৌদি আরবে মিসাইল হামলার ঘটনায় প্রথমে ভারতীয় নাগরিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে কয়েক ঘণ্টার মধ্যেই সেই তথ্য সংশোধন করে সৌদি প্রশাসন জানায়, হামলায় কোনও ভারতীয়ের মৃত্যু হয়নি। যদিও ঘটনায় এক ভারতীয় আহত হয়েছেন এবং তাঁর সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেছেন ভারতীয় দূতাবাসের আধিকারিকরা।

রবিবার সৌদি আরবের সিভিল ডিফেন্স প্রথমে জানিয়েছিল, আল-খার্জ শহরের একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। সেখানে একটি রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সংস্থার কম্পাউন্ডে বিস্ফোরণ ঘটে। প্রাথমিক বিবৃতিতে দাবি করা হয়েছিল, হামলায় দুই বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে—তাঁদের মধ্যে একজন ভারতীয় এবং একজন বাংলাদেশের নাগরিক। পাশাপাশি প্রায় ১২ জন আহত হওয়ার কথাও জানানো হয়।

তবে কিছুক্ষণের মধ্যেই সেই বিবৃতি সংশোধন করে সৌদি কর্তৃপক্ষ জানায়, নিহত দুই ব্যক্তিই বাংলাদেশের নাগরিক। কোনও ভারতীয় নাগরিকের মৃত্যু হয়নি। যদিও একজন ভারতীয় ওই হামলায় আহত হয়েছেন।

এই ঘটনার পর ভারতীয় দূতাবাস জানায়, আহত ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং দূতাবাসের এক আধিকারিক হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে।

ইরান-ইজরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। সংঘাতের দশম দিনে পৌঁছেও হামলার তীব্রতা কমেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বড়সড় হামলার হুঁশিয়ারি দিয়েছেন। ফলে গোটা অঞ্চলে আতঙ্ক ছড়িয়েছে।

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মসূত্রে থাকা ভারতীয় নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ভারত সরকার। সৌদি আরবে থাকা ভারতীয়দের স্থানীয় প্রশাসনের নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে জরুরি প্রয়োজনে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতেও বলা হয়েছে।

দূতাবাস জানিয়েছে, রিয়াদ, জেদ্দা ও দাম্মাম থেকে ভারতের বিভিন্ন শহরে বেশ কয়েকটি বিমান সংস্থা এখনও পরিষেবা চালু রেখেছে। প্রয়োজনে ভারতীয় নাগরিকরা সেই উড়ানের মাধ্যমে দেশে ফিরতে পারবেন।

শুধু সৌদি আরব নয়, সংযুক্ত আরব আমিরশাহি-সহ পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে বসবাসকারী ভারতীয়দের জন্যও বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। হামলার ছবি তুলতে বাইরে না যাওয়া, সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ সংক্রান্ত ছবি বা ভিডিও পোস্ট না করা এবং কোথাও সাইরেন বাজলে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কয়েক দিন আগে উপসাগরীয় প্রতিবেশী দেশগুলির উপর হামলার জন্য ক্ষমা চেয়ে বার্তা দিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজশকিয়ান। তবে কয়েক ঘণ্টার মধ্যেই সেই বক্তব্যে পরিবর্তন এনে তিনি জানান, ইরানের উপর হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে। কূটনৈতিক মহলের মতে, দেশের অভ্যন্তরীণ চাপের জেরেই তাঁর অবস্থানে এই পরিবর্তন এসেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত