নজরবন্দি ব্যুরো: সব জল্পনার অবসান ঘটালেন খোদ লিও মেসি । জানিয়ে দিলেন, ২০২০-২১ মরশুমে অন্য কোনও ক্লাবের জার্সি গায়ে তুলছেন না তিনি। প্রিয় ক্লাব বার্সেলোনাতেই থাকছেন তিনি। এক ইংরেজি সংবাদ মাধ্যমে তিনি জানান “বার্সাতেই খেলব। যাই হয়ে যাক, এই সিদ্ধান্ত বদল হবে না। জানি একটা সময় ক্লাব ছেড়ে যেতে চেয়েছিলাম।
কিন্তু এবার দলকে নিজের সেরাটা উজার করে দেব। আমি সবসময় জিততে চাই। হারতে ভাল লাগে না। সবসময় নিজের দল, ড্রেসিংরুম আর নিজের ভাল হোক, সেটাই চেয়েছি। আমি জানতাম, ইচ্ছা করলেই আমি ক্লাব ছেড়ে যেতে পারি।


তাতে কোনওকিছু বাধা হয়ে দাঁড়াবে না। প্রেসিডেন্ট সবসময় বলেছেন, মরশুম শেষে দল ছাড়বে কি না, সে নিয়ে সিদ্ধান্ত নিতে পারি”। সুত্রের খবর বুধবারই বৈঠকে বসেছিলেন মেসির বাবা এজেন্ট জর্জ মেসি এবং ক্লাবের প্রেসিডেন্ট বার্তামেউ।
বৈঠক কিছুটা হলেও ফলপ্রসূ হয়েছে। এমনকী মেসি আরও এক বছর বার্সায় থাকার ইঙ্গিতও মিলেছিল বার্সার একটি ফেসবুক পোস্ট থেকে। এবার তাতেই সিলমোহর দিয়ে দিলেন আর্জেন্টাইন সুপারস্টার।







