মকর সংক্রান্তির বিশেষ অনুষ্ঠানের আগে অযোধ্যায় চাঞ্চল্য। রাম মন্দির চত্বরে এক যুবকের নমাজ পড়ার চেষ্টার অভিযোগে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুক্রবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় তৎপর নিরাপত্তারক্ষীরা ওই যুবককে আটক করেন। উৎসবের মুখে এমন ঘটনায় স্বাভাবিক ভাবেই মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক যুবকের নাম আহমেদ শেখ। শুক্রবার সকালে তিনি মন্দিরে প্রবেশ করে প্রথমে পরিদর্শন করেন। পরে ‘সীতা রসুই’-এর কাছে গিয়ে বসেন। সেখানেই নমাজ পড়ার প্রস্তুতি নিতে দেখা যায় তাঁকে। কয়েক জন দর্শনার্থীর নজরে বিষয়টি পড়তেই নিরাপত্তারক্ষীদের খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে তাঁকে আটক করে মন্দির চত্বরের বাইরে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, আহমেদ কাশ্মীরের শোপিয়ান এলাকার বাসিন্দা। তাঁর পরনে ছিল কাশ্মীরি পরিচিত পোশাক। কী উদ্দেশ্যে তিনি মন্দিরে প্রবেশ করেছিলেন এবং এই আচরণের নেপথ্যে কোনও পরিকল্পনা ছিল কি না—তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত চলছে।
উল্লেখ্য, রাম মন্দির ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত। এখানে প্রায় ১০০ জন বিশেষ প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী মোতায়েন থাকেন, যাঁরা ন্যাশনাল সিকিউরিটি গার্ড-এর প্রশিক্ষণপ্রাপ্ত। পাশাপাশি বিপুল সংখ্যক সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সদস্য, উত্তরপ্রদেশ পুলিশ ও পিএসি নিয়মিত টহলদারি চালান। মন্দিরে প্রবেশ ও বাহির হওয়ার প্রতিটি পথে কড়া নজরদারি রয়েছে। চার কিলোমিটার দীর্ঘ বাউন্ডারি ওয়াল, অ্যান্টি-ড্রোন ব্যবস্থা, স্ক্যানার ও মেটাল ডিটেক্টরও চালু আছে। তবু এই ঘটনার পর নিরাপত্তা প্রোটোকল আরও কড়া করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।



