নজরবন্দি ব্যুরো: টার্গেট ছিল দ্রুত মাঝেরহাট ব্রিজ নির্মাণের কাজ শেষ করার। এবার ওই ব্রিজ নির্মাণের কাজ শেষ করতে চলেছে সরকার। রেললাইনের উপরের ৭৬ মিটার ঝুলন্ত ইস্পাতের পরিকাঠামো বসানো মাত্রই সেতু নির্মাণ সম্পূর্ণ করল রাজ্য সরকার।
বর্ধমান রোডের দিক থেকে শুরু শেষ হওয়া এই ফ্রেম শেষ হল আলিপুর মিন্টের কাছে গিয়ে। মাঝে অবশ্য ২ টি পিলার ব্যবহার করেছে ইঞ্জিনিয়ররা। এর পাশাপাশি ছয় মিটার পর পর গার্টার দিয়ে পৃথক পৃথক অংশ জুড়ে ৭৬ মিটার ঝুলন্ত অংশ তৈরি করা হয়েছে। জুনের ২ তারিখ থেকে এই ঝুলন্ত অংশের কাজ শুরু করেন পূর্ত দপ্তরের বিশেষজ্ঞরা।
দপ্তরের মুখ্য ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিশেষজ্ঞদের নিয়ে দাঁড়িয়ে থেকে এই ঝুঁকিপূর্ণ ব্রিজের কাজ শেষ করলেন স্বয়ং পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস। পুজোর আগেই অবশ্য ভেঙে পড়া ব্রিজ নতুনভাবে নির্মাণ সম্পূর্ণ করার টার্গেট রয়েছে সরকারের।
এই প্রসঙ্গে পূর্তমন্ত্রী জানান, “৬৫০ মিটার দীর্ঘ ব্রিজের এই ৭৬ মিটার অংশই ছিল বেশ ঝুঁকিপূর্ণ। কিন্তু সেই ঝুঁকি নিয়েও টার্গেট ও সময় ধরে যে কাজ হল তার কৃতিত্ব ইঞ্জিনিয়ার ও পূর্ত দপ্তরেরর কর্মীদের।”







