জয় শাহের উপহার দেওয়া ভারতের জার্সি মেসির গায়ে, লিওর সঙ্গে সাক্ষাতে আবেগে বাকরুদ্ধ কুলদীপ

প্রিয় ফুটবলার লিয়োনেল মেসির সঙ্গে সামনাসামনি দেখা, ভারতের জার্সি পরে হাজির লিও—বিশেষ মুহূর্তে আপ্লুত ভারতীয় ক্রিকেটার কুলদীপ যাদব।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ক্রিকেটের মাঠে স্পিনের জাদু দেখান তিনি। কিন্তু ফুটবল এলেই কুলদীপ যাদবের চোখে-মুখে অন্য এক উচ্ছ্বাস। বহুবার প্রকাশ্যেই জানিয়েছেন—ফুটবলে তাঁর সর্বকালের প্রিয় নাম লিয়োনেল মেসি, আর প্রিয় ক্লাব বার্সেলোনা। সেই স্বপ্নের মানুষকেই এবার একেবারে সামনে থেকে দেখলেন কুলদীপ। মুহূর্তটা এতটাই আবেগঘন ছিল যে, কী বলবেন—তা-ই যেন বুঝে উঠতে পারছিলেন না ভারতীয় ক্রিকেটার।

ভারত সফরের শেষ পর্বে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে লিয়োনেল মেসির হাতে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি তুলে দেন বিসিসিআই সচিব জয় শাহ। সেই জার্সির পিছনে লেখা ছিল—‘Messi’, আর নম্বর ১০। পরবর্তী একটি অনুষ্ঠানে সেই ভারতীয় জার্সি পরেই হাজির হন মেসি। সেখানেই ঘটে যায় বিশেষ মুহূর্ত।

মেসির সামনে কুলদীপ—চোখে বিস্ময়, মুখে হাসি

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যারা অলিম্পিকে সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার সুমিত আন্টিল, প্যারা হাই জাম্পার নিশাদ কুমার, ভারতীয় মহিলা ক্রিকেটার রেণুকা সিংহ ঠাকুর এবং বক্সার নিখাত জ়ারিন। তাঁদের মাঝেই দাঁড়িয়ে ছিলেন কুলদীপ যাদব।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যায়—মেসির সঙ্গে কথা বলছেন সুমিত ও নিশাদ। পাশে দাঁড়িয়ে কুলদীপ। বিস্ময়ে ভরা চোখে লিওকে দেখছেন, মুখে প্রশস্ত হাসি। কথা যেন হারিয়ে গিয়েছে। সেই হাসিই বলে দিচ্ছিল, প্রিয় তারকাকে সামনে পেয়ে কতটা আপ্লুত তিনি।সবার জন্য মেসির বিশেষ উপহার

মেসির সামনে কুলদীপ—চোখে বিস্ময়, মুখে হাসি
মেসির সামনে কুলদীপ—চোখে বিস্ময়, মুখে হাসি

এই অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেককে নিজের আর্জেন্টিনার জার্সি উপহার দেন মেসি। শুধু তাই নয়, প্রত্যেকটির উপর সইও করে দেন তিনি। সুমিত আন্টিল নিজের জ্যাভলিনে মেসির অটোগ্রাফ নেন। নিশাদ কুমারের জুতোর উপর সই করেন লিও। সকলের সঙ্গেই হাসিমুখে ছবি তোলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

এই অনুষ্ঠানে মেসির সঙ্গে ছিলেন তাঁর সতীর্থ রদ্রিগো ডি’পল। তবে লুইস সুয়ারেজ় ছিলেন না, কারণ তিনি অন্য একটি সংস্থার সঙ্গে যুক্ত।

ভারত সফরের ভিন্ন ভিন্ন ছবি

মেসির ভারত সফরের শুরুটা হয়েছিল কলকাতা দিয়ে। যদিও যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুষ্ঠানে বিশৃঙ্খলার কারণে মাত্র ২২ মিনিটের মধ্যেই মাঠ ছাড়তে হয় তাঁকে। তবে তার পর হায়দরাবাদ, মুম্বই ও দিল্লিতে নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে তাঁর কর্মসূচি।

মুম্বইয়ে মেসির সাক্ষাৎ হয়েছে সুনীল ছেত্রী ও সচিন তেন্ডুলকরের সঙ্গে। দিল্লিতে দেখা করেছেন ভাইচুং ভুটিয়ার সঙ্গেও। আর এই সফরেরই এক স্মরণীয় অধ্যায় হয়ে রইল—ভারতীয় ক্রিকেটার কুলদীপ যাদবের সঙ্গে সেই আবেগঘন মুহূর্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর