নজরবন্দি ব্যুরোঃ কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের অবিলম্বে কাশ্মীর ছেড়ে যাওয়ার নির্দেশ দিল জঙ্গি সংগঠন লস্কর-এ-ইসলাম। চিঠি দিয়ে কাশ্মীরের পণ্ডিত সম্প্রদায়কে তারা জানিয়েছে, ‘হয় কাশ্মীর ছাড়ো নয় মরো!’ কেন্দ্রের পুনর্বিন্যাসের মাধ্যমে জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোটের তোড়জোড় শুরু হতেই সেখানে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে কাশ্মীরি পণ্ডিতদের প্রতি বিদ্বেষ।
আরও পড়ুনঃ ঘৃণা তৈরি করছে ‘দ্য কাশ্মীর ফাইলস’, বন্ধের দাবীতে সরব ফারুক আবদুল্লাহ
গত সপ্তাহে এক তরুণ পণ্ডিতকে গুলি করে খুন করেছিল জঙ্গিরা। রাহুল ভট্ট নামের ওই যুবকের হত্যার ঘটনায় পরে জঙ্গি সংগঠন ‘কাশ্মীর টাইগার্স’ দায় স্বীকার করে। ঘটনাটির প্রতিবাদে এখনও ক্ষোভে ফুঁসছেন কাশ্মীরি পণ্ডিতরা।

এরই মধ্যে এই চিঠি। রবিবার কাশ্মীরের পুলওয়ামার হালওয়ায় যে শরণার্থী কলোনিতে কাশ্মীরি পণ্ডিতরা থাকেন, সেখানে ওই চিঠি এসেছে। হালওয়ার শরণার্থী কলোনির সভাপতিকে লেখা ঠিক সাড়ে তিন লাইনের ওই চিঠিতে খুনের স্পষ্ট হুমকি দেওয়া হয়েছে কাশ্মীরি পণ্ডিতদের।

‘হয় কাশ্মীর ছাড়ো নয় মরো’ কাশ্মীরি পণ্ডিতদের উদ্দেশে চিঠি জঙ্গি সংগঠনের
সেখানে লেখা রয়েছে ‘সমস্ত শরণার্থী এবং RSS এজেন্টরা কাশ্মীর ছাড়ো, নয়ত মরবে। কাশ্মীরি পণ্ডিতরাও ছাড় পাবে না। নিজেদের নিরাপত্তা দ্বিগুণ, তিনগুণ করলেও মরবে’। রবিবার এই হুমকি চিঠি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কাশ্মীর উপত্যকায়।



