প্রয়াত হলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার তথা জাতীয় দলের প্রাক্তন হেড কোচ অংশুমান গায়কোয়াড়। বুধবার জীবনের পিচ থেকে অজানার দেশে পাড়ি দিলেন তিনি। বেশ কিছুদিন ধরেই তিনি মারণরোগ ক্যানসারে আক্রান্ত ছিলেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। স্বভাবিকভাবেই গায়কোয়াড়ের মৃত্যতুে শোকের ছায়া ভারতীয় ক্রিকেটমহলে।
চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন তিনি। মাসখানেক আগে দেশে ফিরিয়ে আনা হয় তাঁকে। নিজের শহর বরোদাতেই তার পর থেকে চিকিৎসা চলছিল তাঁর। কপিল দেব থেকে সন্দীপ পাটিল, অনেকেই দাঁড়িয়েছিলেন তাঁর পাশে। চিকিৎসার জন্য নিজের পেনশনের অর্থ দিতেও তৈরি ছিলেন কপিল দেব। তবে শেষ পর্যন্ত অসুস্থ অংশুমানের পাশে দাঁড়ায় বিসিসিআই। বুধবার রাতে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে প্রয়াত হন তিনি।
১৯৭৪ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত দেশের হয়ে ৪০টি টেস্ট ও ১৫টি ওয়ানডে খেলেন গায়কোয়াড়। ৪০টি টেস্টে ৩০.০৭ গড়ে ১৯৮৫ রান করেছেন। শতরান করেছেন দু’টি, অর্ধশতরান ১০টি। সর্বোচ্চ রান ২০১। ভারতীয় দলের কোচও ছিলেন তিনি। তাঁর কোচিংয়ে ভারত ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানার্স আপ হয়। ভারতীয় দল শারজায় অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তাঁর কোচিংয়ে। তবে দীর্ঘদিন ধরেই ব্লাড ক্যানসারে ভুগছিলেন জাতীয় দলের প্রাক্তন তারকা।
তাঁর সময়েই প্রথম ভারতীয় বোলার হিসেবে পারফেক্ট টেন-এর রেকর্ড গড়েন অনিল কুম্বলে। দিল্লিতে টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন কুম্বলে। দেশের প্রাক্তন ক্রিকেটার তথা কোচের মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট মহল। বোর্ড সচিব সহ শাহ সোশ্যাল মিডিয়ায় শোক বার্তা দিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় অংশুমান গায়কোয়াড়কে নিয়ে শোক বার্তায় লিখেছেন-ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁকে ভারতীয় ক্রিকেট কখনও ভুলবে না। তিনি একজন দুর্দান্ত ক্রিকেটার এবং কোচ ছিলেন। তাঁর মৃত্যুতে আমি খুবই ব্যথিত। তাঁর পরিবারের প্রতি সমবেদনা রইল।



