নজরবন্দি ব্যুরো: অপসারিত হলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী। রাজ্যপাল সিভি আনন্দ বোস উপাচার্যকে তাঁর পদ থেকে অপসারিত করলেন। উপাচার্য সাধনের বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন ওই বিশ্ববিদ্যালয়ের বড় অংশের পড়ুয়া, শিক্ষক ও শিক্ষাকর্মীরা।
আরও পড়ুন: FD-তে সুদের হারে ব্যাপক বৃদ্ধি করল PNB, নিয়মের পরিবর্তন করল ব্যাঙ্ক
গত ১৪ মার্চ থেকে তাঁরা আন্দোলন শুরু করেন। শনিবার আন্দোলনের ৬০ দিন ছিল, আন্দোলনকারীদের দাবি মেনেই এদিন শনিবার উপাচার্যের পদ থেকে সাধনকে সরিয়ে দিলেন আচার্য। সাধন চক্রবর্তীর বিরুদ্ধে প্রায় ২৬ লক্ষ টাকার আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছিলেন সকলে।

যা ঘিরে উপাচার্যের পদত্যাগের দাবি তোলেন আন্দোলনকারীরা। সেই আন্দোলনে যোগ দেওয়ার কারণে রেজিস্ট্রারকে বরখাস্ত করা হয়েছিল। পরে অবশ্য হাইকোর্টের নির্দেশে তাঁকে ফিরিয়ে আনা হয়। গত কয়েক মাস ধরেই অচলাবস্থা অব্যাহত কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে।
আর্থিক দুর্নীতির অভিযোগে অপসারিত কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী

এর আগে রেজিস্ট্রার অভিযোগ করেন, আপাদমস্তক দুর্নীতিতে ডুবে উপাচার্য। বিশ্ববিদ্যালয় চত্বরের গাছ কাটিয়ে বিক্রি করে দিয়েছেন তিনি। ক্যাম্পাসের বাইরে নিজের বাড়ি কেনার জন্য টাকা নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে। এমনকি রেজিস্ট্রারের অফিসের শৌচালয়ে কোনও কাজ না হওয়া সত্ত্বেও, সংস্কারের নামে ২ লক্ষ টাকা ভুয়ো বিল দেখানো হয়েছে।




